বলিউডের জ্যাকুলিন এবার হলিউডে
ঐশ্বরিয়া রাই বচ্চন, বিপাশা বসুর পর এবারে হলিউডে অভিষেক হতে যাচ্ছে শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। সবকিছু ঠিক থাকলে এই প্রথম কোনো আন্তর্জাতিক ছবিতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে কানাডা ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় ‘ডেফিনেশন অব ফিয়ার’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী।জ্যাকুলিন বলেছেন, ‘ছবিটিতে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এ মুহূর্তে আলোচনার টেবিলেই সীমাবদ্ধ আছে আমার হলিউড অভিষেক। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।’ ডেফিনেশন অব ফিয়ার পরিচালনা করবেন জেমস সিম্পসন। এ ছবির মধ্য দিয়েই চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রযোজক সিম্পসন। জানিয়েছে পিটিআই। কিছুদিন আগে লঙ্কান ছবি ‘প্রেভগায়া’তে চুক্তিবদ্ধ হয়েছেন জ্যাকুলিন। শ্রীলঙ্কার মেয়ে হলেও, এটাই তাঁর প্রথম লঙ্কান ছবি।‘বরাবরই আমার দেশ এবং দেশের মানুষেরা আমাকে সমর্থন দিয়ে আসছেন। আমার দেশেও বলিউডের ছবির অগণিত ভক্ত রয়েছেন। সবেমাত্র শ্রীলঙ্কার গ্ল্যামার জগত্ এবং চলচ্চিত্র শিল্প সামনের দিকে এগোতে শুরু করেছে। পরিবর্তনের এ হাওয়ার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে এই সময়টাতে আমি আমার দেশের পাশে থাকতে চাই।’ জানিয়েছেন সাবেক এই মিস শ্রীলঙ্কা। ২০০৯ সালে ফ্যান্টাসিনির্ভর ‘আলাদিন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড অভিষেক ঘটে জ্যাকুলিনের। তাঁর নতুন ছবি ‘হাউসফুল ২’ মুক্তি পাচ্ছে ৫ এপ্রিল। সাজিদ খানের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, জন আব্রাহাম, অসিন, জেরিন খান, ঋষি কাপুর, রণধীর কাপুর, মিঠুন চক্রবর্তী, বোমান ইরানি প্রমুখ।