বলিপাড়া ক্যাম্পের ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের বলিপাড়া ক্যাম্পে বিদ্রোহের ঘটনায় বিডিআরের ৩৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-৪-এ এই অভিযোগ উত্থাপন করা হয়। গতকাল এ আদালতে বলিপাড়ায় বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে বিচার শুরু হয়েছে।বিশেষ আদালতের সভাপতি বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম অভিযোগ আমলে নেন এবং অভিযুক্ত জওয়ানদের কাছে অভিযোগনামার কপি পৌঁছানোর নির্দেশ দেন। তিনি কাল শনিবার ৩৫ জওয়ানকে আদালতে হাজির করার আদেশ দেন। এরপর আদালত মুলতবি করা হয়।সূত্র জানায়, সকাল আটটা ৪২ মিনিটে বিশেষ আদালত-৪-এর কার্যক্রম শুরু হয়। ওই ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেন বলিপাড়ার ১০ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মো. সুলতান আহমেদ। অভিযোগে বলা হয়, অভিযুক্ত জওয়ানেরা গত বছরের ২৬ ফেব্রুয়ারি ক্যাম্পের অধিনায়ককে লাঞ্ছিত করে অস্ত্রাগার লুট করেন এবং রণসাজে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। তাঁরা গালাগালও করেন, যা ১৯৭২ সালের বিডিআর আইনের ১০-এর ১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। পিলখানায় বিদ্রোহের জের ধরে বলিপাড়ার বিডিআর ক্যাম্পের কিছু জওয়ান এ ঘটনা ঘটান।এ ঘটনায় ২০০৯ সালের ৭ মে বান্দরবানের বিচারিক হাকিম আদালতে ২৩৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুর রহমান। ওই মামলায় ১১০ জনকে গ্রেপ্তার এবং ১২৪ জনকে পলাতক দেখানো হয়। বান্দরবান কারাগারে আটক ওই ১১০ জওয়ানের মধ্যে ৩৫ জনকে গতকাল শুরু হওয়া মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।সুবেদার সুলতান আহম্মেদ আদালতকে বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে প্যারেড শেষে ডিএডি আবদুল হালিম জওয়ানদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেন। তিনি পিলখানায় বিদ্রোহকারী জওয়ানদের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য বলিপাড়ার জওয়ানদের উদ্বুদ্ধ করেন। এর পর কিছু জওয়ান বিদ্রোহ করেন। ওই দিন সকাল নয়টা ৫৫ মিনিটে ল্যান্স করপোরাল কামরুজ্জামানের নেতৃত্বে কিছু জওয়ান অস্ত্রাগারে যান। ক্যাম্পের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল লুত্ফুল কবীর তাঁদের শান্ত হওয়ার অনুরোধ জানান। জওয়ানেরা অনুরোধ ও বাধা উপেক্ষা করে অস্ত্রাগারে ঢুকে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন। এ সময় এক জওয়ানের ছুড়ে মারা অস্ত্র লুত্ফুল কবীরের কপালে আঘাত করে। ব্যাটালিয়নের নবনিযুক্ত অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আবু জাইদ বিদ্রোহী সদস্যদের নিরস্ত্র করার চেষ্টা করলে তাঁকেও গালাগাল ও নিগৃহীত করা হয়। এর পর তাঁরা বান্দরবান-থানচি সড়ক অবরোধ করেন।আদালতে বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন লে. কর্নেল আবদুর রউফ, মেজর এ জেড এম গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজাহারুল হক আখন্দ।আদালতের কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে আদালতের প্রসিকিউটর লে. কর্নেল রবিউল আলম বলেন, বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী বলিপাড়া ক্যাম্প দুর্গম এলাকায় হওয়ায় সাতকানিয়ার বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে বিচার কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, শনিবার সকাল নয়টায় বিশেষ আদালত আবার বসবে এবং সেদিন অভিযুক্ত ৩৫ বিডিআর জওয়ানকে হাজির করা হবে।