বলিভারের ত্রিমাত্রিক ছবি উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গতকাল মঙ্গলবার উনিশ শতকে দক্ষিণ আমেরিকার স্বাধীনতার নায়ক সিমন বলিভারের ত্রিমাত্রিক একটি ছবি উন্মোচন করেছেন। গতকাল মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।সিমন বলিভারের ২২৯তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে রাজধানী কারাকাসে এক অনুষ্ঠানে চাভেজ বলিভারের নতুন এই ছবি উন্মোচন করেন। এ সময় একদল শিশুশিক্ষার্থী তাঁর সঙ্গে ছিল। অনুষ্ঠানে উপস্থিত জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সেনা অধিনায়কেরা করতালি দিয়ে চাভেজকে অভিনন্দন জানান। বলিভারের করোটি স্ক্যান করে তাঁর এই নতুন আদল তৈরি করা হয়।ছবি উন্মোচনকালে চাভেজ বলেন, ‘তিনি ছিলেন এক মহামানব।’ এ সময় বলিভারের বিশালাকার দুটি ছবি প্রদর্শন করা হয়। ছবিতে তাঁকে একেবারে জীবন্ত মনে হয়েছে। স্বর্ণ দিয়ে কারুকাজ করা গলাবন্ধ বিশেষ এক পোশাকে লম্বা জুলফিযুক্ত চেহারার বলিভারকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী মনে হয়। পরে এক প্রতিক্রিয়ায় চাভেজ বলেন, বলিভারের প্রকৃত চেহারা দেখতে পেয়ে ভেনেজুয়েলাবাসী উত্ফুল্ল।বলিভারের মাথার খুলির স্ক্যানিংয়ের মাধ্যমে বিশেষ উপায়ে ত্রিমাত্রিক ছবিটি তৈরি করা হয়। চাভেজ বিশ্বাস করেন, দক্ষিণ আমেরিকার স্বাধীনতার এই মহান নায়ককে ১৮৩০ সালে শত্রুরা বিষপ্রয়োগে হত্যা করে। এটি পরীক্ষা করতে তিনি দুই বছর আগে কবর খুঁড়ে বলিভারের মরদেহ তুলে এনে তা পরীক্ষার নির্দেশ দেন। এক বছর আগে তদন্তকারী দল বলে, সম্ভবত অসাবধানবশত বিষক্রিয়ায় বলিভার মারা যান। অবশ্য তাঁরা যক্ষ্মার বিষয়টি একেবারে উড়িয়ে দেননি। পরে বলিভারের হাড় ও মাথার খুলির বেশ কয়েকবার স্ক্যানিং করে বিশেষ উপায়ে বিজ্ঞানীরা তাঁর ত্রিমাত্রিক এই ছবি তৈরির প্রকল্পে হাত দেন। এবং পরে তাঁর মুখমণ্ডলের পুনর্গঠন ফরেনসিক পদ্ধতির মাধ্যমে ত্রিমাত্রিক ওই ছবি উদ্ভাবন করেন। বলিভারের নামানুসারে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট চাভেজ ভেনেজুয়েলার নতুন নাম রাখেন ‘বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা’। তাঁর বামপন্থী বিপ্লবেও বলিভারের ধারণার প্রতিচ্ছবি পাওয়া যায়। ভেনেজুয়েলাসহ দক্ষিণ আমেরিকার কিছু অংশে বিপ্লবী নেতা বলিভার শ্রদ্ধার আসনে রয়েছেন। ভেনেজুয়েলার প্রতিভাবান এই সেনা ও বিজ্ঞ সামরিক নেতা উনিশ শতকে দক্ষিণ আমেরিকার অধিকাংশ এলাকাকে শত শত বছর ধরে চলে আসা স্প্যানিশ শাসন থেকে মুক্ত করেন।এদিকে ভেনেজুয়েলায় আসন্ন ৭ অক্টোবরের নির্বাচনে সাইমন বলিভারকে কেন্দ্র করে প্রচারাভিযান শুরু করেছেন বর্তমান প্রেসিডেন্ট চাভেজ ও তাঁর প্রতিদ্বন্দ্বী হেনরিক কেপরিলেস। তাঁকে নিয়ে শুরু হয়েছে ভোটের রাজনীতি। বলিভারের প্রতি কারা কত বেশি শ্রদ্ধাবান বা তাঁর আদর্শের সঙ্গে সংশ্লিষ্ট, তা প্রমাণে উভয় দলই তত্পর।কেপরিলেস অভিযোগ করছেন, জনপ্রিয়তা বাড়াতে চাভেজ বলিভারের সঙ্গে নিজের যোগসূত্র স্থাপনের চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে তিনি একজন স্বৈরশাসক, যিনি সতর্কতার সঙ্গে স্বাধীনতা ও অধিকার নিয়ে বলিভারের কিছু আদর্শ এড়িয়ে চলেন। এই অভিযোগ অস্বীকার করে চাভেজ বলেন, বলিভারের কাছ থেকেই তিনি তাঁর বামপন্থী রাজনীতির অনুপ্রেরণা পান। তিনি বলেন, ইতিহাসে আছে কলম্বিয়ায় ১৮৩০ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান বলিভার, তবে শত্রুপক্ষের বিষপ্রয়োগের বিষয়ও রয়েছে বলে উল্লেখ করা হয়।