বলিভিয়ায় পুলিশ ধর্মঘট মোকাবিলায় সেনা মোতায়েন
বলিভিয়ায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে চলা পুলিশের ধর্মঘট মোকাবিলায় দেশটির সরকার সেনা মোতায়েন করেছে। আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।সংকট নিরসনে গতকাল শনিবার বলিভিয়ার সরকারের সঙ্গে ধর্মঘটী পুলিশ সদস্যদের বৈঠক হলেও কোনো মীমাংসা ছাড়াই তা শেষ হয়। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরোর সঙ্গেও পুলিশ সদস্যদের দুটি বৈঠক কোনো সমঝোতা ছাড়া শেষ হয়।তবে রোমেরো দাবি করেন, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু ধর্মঘটী পুলিশ সদস্যদের নেতা এডগার রামোস বলেন, তাঁরা অল্পতেই সন্তুষ্ট হবেন না।এদিকে বলিভিয়ার যোগাযোগমন্ত্রী আমান্দা দাভিলা দাবি করেন, ধর্মঘটে অংশ নেওয়া পুলিশ সদস্যরা ঘটনাটিকে বিদ্রোহের রূপ দেওয়ার চেষ্টা করছে। তারা অস্ত্র মজুদ করছে এবং অন্যান্য ইউনিটকে বন্দুক হাতে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তিনি বলেন, গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, এটি একটি বিদ্রোহের রূপ নিচ্ছে।’এদিকে ধর্মঘটি পুলিশ সদস্যরা দাবি করেছেন, বলিভিয়ার বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসকে উত্খাতের কোনো ইচ্ছাই তাঁদের নেই। তাঁরা কেবল বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের সঙ্গে একটি মতৈক্য পৌঁছাতে চান।প্রতি মাসে গড়ে ১৫০ থেকে ২০০ মার্কিন ডলার বেতনের পুলিশ কর্মকর্তারা তাঁদের পদমর্যাদার সৈনিকদের সমপরিমাণ বেতনের দাবি জানিয়েছেন। এর আগে চলতি বছর ৭ শতাংশ বেতন বাড়ানোর বিষয়ে সরকারের প্রস্তাব তাঁরা প্রত্যাখ্যান করেন।গত বৃহস্পতিবার বলিভিয়ার পুলিশের একটি দল তাদের একটি এলিট ইউনিটের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখান থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের বহিষ্কার করলে সহিংসতার সূত্রপাত ঘটে। পরে অন্যান্য বড় শহরের পুলিশ সদস্যরাও ওই প্রতিবাদে যোগ দেন।