বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার দিন সকালে ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল হাকিম মিয়ার আহ্বানের পর পরই কিছু জওয়ান অস্ত্রাগার লুট করে বিদ্রোহ শুরু করেন।বলীপাড়ার বিদ্রোহের মামলায় গতকাল শনিবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল আলম ৩৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকালে এ কথা বলেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিডিআর আইনের সীমাবদ্ধতার কারণে ওই ডিএডিকে এ মামলার আসামি করা যায়নি।চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত রাইফেল ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। প্রায় এক ঘণ্টা আদালতের কাজ চলার পর আগামী ১০ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। ওই দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।বিশেষ আদালতের সভাপতি বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে সকাল পৌনে নয়টায় আদালতের কাজ শুরু হয়। সভাপতি আসামিদের উপস্থিতি নিশ্চিত করার পর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরতে বলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে। এর আগে সকাল সাতটায় ৩৫ জওয়ানকে বান্দরবান জেলা কারাগার থেকে সেনাবাহিনী, বিডিআর, র্যাব ও পুলিশের কড়া পাহারায় আদালতে আনা হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লে. কর্নেল রবিউল বলেন, ‘১০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে আমি সৈনিকদের অভিভাবকও বটে। কিন্তু শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী সৈনিক হওয়ায় বিডিআরের ৩৫ জন সদস্যকে আইনের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি।’ তাঁরা কে কীভাবে বিদ্রোহের সঙ্গে জড়িত হয়েছেন, তা আদালতে তুলে ধরেন কৌঁসুলি।উত্থাপিত অভিযোগের ব্যাপারে আসামিদের কোনো বক্তব্য রয়েছে কি না, আদালত তা জানতে চান। আসামি ওয়াহিদুর রহমান আদালতকে বলেন, তাঁরা সাক্ষী হিসেবে তৎকালীন লে. কর্নেল আবদুল্লাহ আলী যায়ীদ, লে. কর্নেল লুত্ফুল কবীর ও চিকিৎসা কর্মকর্তাকে পেতে চান। আদালত বলেন, তাঁরা বাদী বা সরকারপক্ষের সাক্ষী হয়ে থাকলে তাঁরা বিবাদীর সাক্ষী হতে পারবেন না।আদালত আরও বলেন, আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। পরামর্শের জন্য নিজস্ব ব্যয়ে তাঁরা আইনজীবীও নিয়োগ করতে পারবেন। এ ছাড়া নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সাফাই সাক্ষী হিসেবেও বিডিআরের কাউকে কিংবা বেসরকারি কোনো ব্যক্তিকে রাখা যাবে।প্রসঙ্গত, গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ২০০৯ সালের ৭ মে বান্দরবানের বিচারিক হাকিম আদালতে ২৩৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুর রহমান। ওই মামলায় ১১০ জনকে গ্রেপ্তার এবং ১২৪ জনকে পলাতক দেখানো হয়। বান্দরবান কারাগারে আটক ওই ১১০ জওয়ানের মধ্যে ৩৫ জনকে বিশেষ আদালতে শুরু হওয়া মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।