বলের ভাষাই তাঁর ভাষা
মাশরাফি বিন মুর্তজা জানলে খুব মজা পাবেন। হয়তো সান্ত্বনাও। ক্যারিয়ারজুড়েই বিচিত্র সব পথে চোট তাঁকে জড়িয়ে ধরেছে। সবচেয়ে বিচিত্র হয়তো ২০০৩ বিশ্বকাপের চোটটা, ওই যে বলের ওপর পা দিয়ে মচকে ফেললেন গোড়ালি। তবে এবারের লাসিথ মালিঙ্গা ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মাশরাফিকেও। অনুশীলনের সময় মাঠে পড়ে থাকা বল তুলতে নিচু হয়েছিলেন। হঠাৎ আবিষ্কার করলেন, উঠতে পারছেন না। কষ্টে-সৃষ্টে উঠলেন বটে, কিন্তু পিঠজুড়ে অসহ্য ব্যথা। সম্ভবত ক্রিকেট ইতিহাসেরই বিচিত্রতম ইনজুরি!শ্রীলঙ্কার তবু দুশ্চিন্তা হয়নি। টুর্নামেন্টের ফরম্যাট এমন যে বড় দলগুলোর বাদ পড়ার আশঙ্কা নেই বললেই চলে। গ্রুপ পর্বে তাই সত্যিকার অর্থে বড় বাঁচা-মরার লড়াই দেখার সম্ভাবনা কম। কানাডার বিপক্ষে তো বটেই, মোটামুটি ফিট হয়ে যাওয়ার পরও তাই পাকিস্তানের বিপক্ষে নামানো হলো না তাঁকে। কিন্তু পাকিস্তানের কাছে হারের পর চারদিকে যেভাবে ‘সব গেল’, সব গেল’ রব উঠেছিল, কেনিয়ার বিপক্ষেও আর ঝুঁকি নিতে চাইছিল না শ্রীলঙ্কা। বোলিং আক্রমণের মূল অস্ত্রের বিশ্রাম তাই কাটছাঁট করতে হলো। মালিঙ্গাও বুঝিয়ে দিলেন, কেন তাঁর জন্য সবার এত হা-হুতাশ! গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন, যেটিকে বলা হয় ডাবল হ্যাটট্রিক। একটা বল ডট গেলে এদিনও ডাবল হ্যাটট্রিক হতো। কিন্তু তার পরও ২ ওভার মিলিয়ে ৫ বলে নিয়েছেন ৪ উইকেট।মালিঙ্গার এই হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়ার কীর্তি বিশ্বকাপকেই কেমন রোমাঞ্চিত করে দিল। আগের ম্যাচেই ফিরোজ শাহ কোটলায় হ্যাটট্রিক উৎসব করেছিলেন কেমার রোচ। ২৪ ঘণ্টা না পেরোতেই একই উৎসবে মাতলেন মালিঙ্গা। ৪০ বছরের জীবনে ২৯টি হ্যাটট্রিক দেখেছে ওয়ানডে ক্রিকেট, কিন্তু পিঠাপিঠি দুই দিনে এই প্রথম! এর আগে সবচেয়ে কাছাকাছি হ্যাটট্রিকের মাঝে বিরতি ছিল ১২ দিন। ১৯৯৭ সালের ৩ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন জিম্বাবুয়ের এডো ব্রান্ডেস, ১৬ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে অ্যান্থনি স্টুয়ার্ট। ২৬ রানে ৫ উইকেট নেওয়া ম্যাচটিই আবার ছিল স্টুয়ার্টের ক্যারিয়ারের শেষ ম্যাচ। সেটা অবশ্য অন্য গল্প।যাই হোক, যে দুজনের সৌজন্যে ওয়ানডে ক্রিকেট ও বিশ্বকাপ টানা দুই দিন ‘তিনে তিন’ দেখল, চাইলে তাঁদের মধ্যে একটা মিল বের করতে পারেন। দুজনই একটু অন্য রকম। মালিঙ্গার অ্যাকশন তো বিস্ময়ের সেই শুরুর দিন থেকেই। রোচের বোলিং দেখলে শুরুতেই যেটা মনে পড়বে, তা হলো ‘এমন অ্যাকশন আর এই শরীর নিয়ে এত গতি পান কীভাবে!’তবে আসল মিল দুজনের হ্যাটট্রিকের ধরনে। গতি আর সুইংয়ের অপূর্ব সমন্বয়। কোটলার ৩টি আর প্রেমাদাসার ৩টি—৬টি বলই ছিল বিষাক্ত ইনসুইং। ফিল্ডারের সাহায্য লাগেনি কারও। রোচের হ্যাটট্রিকে কোনো ইয়র্কার নেই, ৩টি বলই তীব্র গতির জেনুইন ইনকাটার। দুজন এলবিডব্লু, শেষজন বোল্ড। মালিঙ্গার ৩টিই আবার গতিময় নিখুঁত ইনসুইঙ্গিং ইয়র্কার। অবশ্য শুধু হ্যাটট্রিকটাই নয়, মালিঙ্গার ৬ উইকেটের সবই ছিল ইয়র্কার। দুজন এলবিডব্লু, চারজন বোল্ড।এমন নয় যে ইয়র্কারের এমন পসরা কালই প্রথম সাজালেন। ক্রমাগত নিখুঁত ইয়র্কার করে যেতে পারেন বলেই পুরোনো বলে বিপজ্জনক মালিঙ্গা। তার পরও ৬ ইয়র্কারে ৬ উইকেট নেওয়ার দিনে তো এই বিদ্যাশিক্ষার রহস্য উঠবেই। বিষাক্ত অস্ত্রটির জন্য মালিঙ্গা কৃতজ্ঞতা জানালেন প্রত্যক্ষ ও পরোক্ষ দুই গুরুকে, ‘আন্তর্জাতিক ক্রিকেট শুরুর সময় ইয়র্কার আমি পারতামই না। চম্পকা রমানায়েকে (মালিঙ্গার আবিষ্কর্তা, শ্রীলঙ্কার বর্তমান বোলিং কোচ) ও রুমেশ রত্নায়েকে (সাবেক বোলিং কোচ) আমাকে শিখিয়েছেন। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের ভিডিও দেখেও অনেক শিখেছি।’ইয়র্কারবিদ্যা পুরোপুরি আয়ত্ত হলেও এখনো ইংরেজি ভাষাটা ঠিক আয়ত্ত করতে পারেননি। এমন দিনে যেমনটা হওয়ার কথা ছিল, ৩২ মিনিটের সংবাদ সম্মেলনটা তেমন জমল না। ইংলিশ প্রশ্ন সিংহলিজ ভাষায় মালিঙ্গাকে অনুবাদ করে দিচ্ছিলেন পাশে বসা ম্যানেজার অনুরা টেনেকুন (প্রথম দুই বিশ্বকাপের অধিনায়ক), মালিঙ্গার সিংহলিজ উত্তরটা আবার সাংবাদিকদের জন্য অনুবাদ করছিলেন ইংরেজিতে। মালিঙ্গার অনেক মজার উত্তর (মুখে হাসি দেখে বোঝা যাচ্ছিল) হারিয়ে যাচ্ছিল ম্যানেজারের অনুবাদে।তবে সমস্যা তাতে খুব একটা নেই। বলকে যিনি কথা বলাতে পারেন নানা ভাষায়, কী দরকার তাঁর অন্য ভাষা জানার!