বলেশ্বরের ২০ কি.মি. জুড়ে পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের প্রায় ২০ কিলোমিটারজুড়ে বাঁশ পুঁতে নিষিদ্ধ গড়া ও বেহুন্দি জাল দিয়ে মাছ ধরছে সংঘবদ্ধ একটি চক্র। এতে নির্বিচারে মারা পড়ছে ইলিশসহ নানা প্রজাতির মাছের হাজার হাজার পোনা।সাধারণ জেলেরা এর প্রতিবাদ করলেও বন বিভাগ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা পোনা নিধন বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এভাবে পোনা হত্যা চলতে থাকলে অচিরেই নদী মাছশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ জেলে ও স্থানীয় লোকজন। অভিযোগ রয়েছে, বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে মাসোহারা দিয়ে সংঘবদ্ধ চক্রটি পোনা নিধন করে চলেছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদের মোহনা হরিণঘাটা থেকে উত্তরে চরদুয়ানি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদীর পাড়জুড়ে বাঁশের খুঁটি গেড়ে মশারির জাল পেতে মাছ ধরছেন বহু জেলে। পাশাপাশি স্রোতের মুখে শত শত বেহুন্দি জাল পেতেও মাছ শিকার করা হচ্ছে।পদ্মা গ্রাম থেকে ১০ কিলোমিটার পশ্চিমে বলেশ্বর নদের মাঝেরচরে গিয়ে দেখা যায়, জনবসতিহীন চরটির বিশাল এলাকায় শুকানো হচ্ছে হাজার হাজার পোনা মাছ। এসব পোনার মধ্যে দেড় থেকে দুই ইঞ্চি আকারের ইলিশ, পোয়া, টেংরাসহ নানা প্রজাতি রয়েছে। মাছ ধরায় ব্যস্ত কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা যায়, হরিণঘাটা থেকে চরদুয়ানি পর্যন্ত নদে জেলেদের কমপক্ষে ৩০টি দল গড় জাল দিয়ে মাছ ধরে। এ ছাড়া অন্তত দুই হাজার জেলে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করে।সাধারণ জেলেদের অভিযোগ, গড়া জাল দিয়ে মাছ ধরার জন্য প্রতি ১৫ দিন পর জেলেদের প্রতিটি দলকে বন বিভাগকে দেড় হাজার টাকা দিতে হয়। আর বেহুন্দি জাল দিয়ে মাছ ধরতে হলে দিতে হয় জালপ্রতি মাসে ৯০০ টাকা। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রভাবশালীদের বড় অঙ্কের অর্থ দিতে হয়।বলেশ্বর নদের পাড়ের পদ্মা, রুহিতা, হরিণঘাটা, জিনতলা, হাজিরখালের বেশ কয়েকজন সাধারণ জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, লাখ লাখ টাকা ঋণ ও ধারকর্জ করে তাঁরা নৌকা ও ট্রলার তৈরি করেছেন। গত এক-দেড় বছরেও তাঁরা সেই ঋণ শোধ করতে পারেননি। নদী ঘেরাও করে যেভাবে মাছ শিকার চলছে, তাতে ভবিষ্যতে শুধু ইলিশ নয়, কোনো মাছই নদীতে থাকবে না।পদ্মা গ্রামের কয়েকজন জেলে জানান, শুধু তাঁদের গ্রামে প্রায় ৪০০ জেলে বেহুন্দি ও গড় জাল দিয়ে মাছ শিকারের নামে পোনা নিধনের সঙ্গে জড়িত। এ ছাড়া বলেশ্বরতীরের হরিণঘাটা, রুহিতা, হাজিরখাল, ছোট টেংরা, গাববাড়িয়া, তাফালবাড়িয়া, দক্ষিণ চরদুয়ানি, চরদুয়ানি ও তালুকচরদুয়ানি গ্রামের অন্তত দুই হাজার জেলে পোনা নিধন করছে।গ্রামবাসী জানান, নিষিদ্ধ জালে ধরা পোনা মাঝেরচরে শুঁটকি করা হয়। পরে এই শুঁটকি মণপ্রতি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় জেলেদের কাছ থেকে কিনে নেন একশ্রেণীর আড়তদার। তাঁরা আরও জানান, মাঝেরচরে জনবসতি নেই। তাই সেখানে নিরাপদে শুঁটকি করতে পারে অসাধু জেলেরা।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে অভিযোগ করেন, গড়া জাল ও বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার প্রতিবাদ করায় এবং কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়ায় পদ্মা ও রুহিতা এলাকার কয়েকজন জেলের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে স্থানীয় প্রভাবশালী জেলেরা। পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন ঘরামী ও সাধারণ সম্পাদক হারুন হাওলাদার ছাড়াও কালমেঘা ও চরদুয়ানি ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা পোনা নিধনে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা কামাল হোসেন ঘরামী প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। নদীতে জেলেরা জাল পাতবে—এটা তাদের ব্যাপার।’ নিষিদ্ধ জাল পাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি। জাল নিষিদ্ধ কি না, তা প্রশাসনের (আইনশৃঙ্খলা বাহিনী) ব্যাপার। প্রশাসনের হাতে ধরা পড়লে সুবিধা পেতে অনেক সময় ওরা (জেলেরা) আমাদের নাম বলে।’ হারুন হাওলাদার বলেন, ‘জেলেরা কোনো বিপদে পড়লে অথবা তাঁদের জাল প্রশাসনের হাতে ধরা পড়লে আমরা ওদের পক্ষে শুধু সুপারিশ করি। আমরা কোনো মাসোহারা নিই না।’ জানতে চাইলে পাথরঘাটার হরিণঘাটা বন বিট কর্মকর্তা মঞ্জুরুল আলম দাবি করেন, ‘গড়া, বেহুন্দি জালসহ নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সুযোগ দিয়ে বন বিভাগ কোনো মাসোহারা নেয় না। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে।’ হরিণঘাটা বিট এলাকায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা হয় না বলেও দাবি করেন মঞ্জুরুল আলম।পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবব্রত কবিরাজ বলেন, চরগড়া ও বেহুন্দি জাল দিয়ে ইলিশের পোনা ধরা হচ্ছে বলে তিনি শুনেছেন। এসব রোধে শিগগিরই কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালাবে।কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ বলেন, নিষিদ্ধ জাল জব্দ করতে পদ্মার জেলেদের সঙ্গে কোস্টগার্ডের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাই জনপ্রতিনিধি ও মৎস্য বিভাগের সহযোগিতা পেলে গড়া ও বেহুন্দি জালসহ নিষিদ্ধ জাল জব্দে অভিযান পরিচালনা করা যেতে পারে।