বলয়গ্রাস গ্রহণ দেখতে সৈকতে দর্শনার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যের বলয়গ্রাস গ্রহণ দেখতে কক্সবাজার সমুদ্রসৈকতে কলাতলীর সার্ফিং পয়েন্টে আজ শুক্রবার হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমেছে। দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে এসে টেলিস্কোপ ও ফিল্টার গ্লাসে বলয়গ্রাস গ্রহণ উপভোগ করছে। আজ দুপুর পৌনে একটা থেকে গ্রহণ শুরু হয়েছে। বলয়গ্রাস গ্রহণে সূর্যের চারদিকে উজ্জ্বল বলয় দেখা গেছে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিত্সু চক্রের জ্যোতির্বিজ্ঞানীরা ৫০টি টেলিস্কোপ ও কয়েক হাজার ফিল্টার গ্লাস বসিয়ে সূর্যের বলয়গ্রাস গ্রহণ দেখার আয়োজন করেছেন। সংস্থার সভাপতি শাহজাহান মৃধা বলেন, সেন্টমার্টিন দ্বীপে তাঁরা গ্রহণ নিয়ে আরও গবেষণা করছেন। এদিকে টেকনাফ প্রতিনিধি জানান, ওই উপজেলা থেকে ১৫ হাজারেরও বেশি পর্যটক ৫০টি ট্রলার ও পাঁচটি প্রমোদতরি নিয়ে সেন্টমার্টিন দ্বীপে যান। বলয়গ্রাস গ্রহণ দেখতে তাঁরা ছেঁড়া দ্বীপে যাওয়ার চেষ্টা করলে পরিবেশ অধিদপ্তর ও দ্বীপের আইনশৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা বাধা দেন। নিরাপত্তার জন্য তাঁরা পর্যটকদের বাধা দেন বলে জানা গেছে।