বসতি নির্মাণ নিষেধাজ্ঞা নিয়ে হুমকিতে মধ্যপ্রাচ্য আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণে ইসরায়েলের দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ আজ মধ্য রাতে শেষ হচ্ছে। এ মেয়াদ আর নবায়ন করা না হলে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাকে সফল করার জন্য কূটনীতিকেরা শেষ মুহূর্তের জন্য হলেও ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন।এদিকে নিউইয়র্কে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাক বলেছেন, তিনি মনে করেন নিষেধাজ্ঞার মেয়াদ হয়তো নবায়ন করা হবে না। তিনি অবশ্য এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তার ব্যাপারে আপস-রফা করার চেষ্টা চালিয়েছেন বলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে মন্তব্য করেছেন। তবে তিনি ওই সাক্ষাত্কারে ইহুদি বসতি নির্মাণসংক্রান্ত ব্যাপারে সমঝোতায় পৌঁছার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েল যদি নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি না করে, তবে তিনি শান্তি আলোচনা থেকে সরে আসবেন।গতকাল শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ‘শান্তি’ ও ‘ইহুদি বসতি নির্মাণ অব্যাহত রাখা’—এ দুয়ের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে ।পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মাণে নিষেধাজ্ঞা না দেওয়ায় ইহুদিরা বসতি নির্মাণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে। প্রায় ২০ মাসের অচলাবস্থার পর এ মাসের শুরুর দিকে ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। তবে এ আলোচনা থেকে এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। এ শান্তি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ। তবে এ ব্যাপারে কোনো পক্ষের মধ্যেই সমঝোতা হয়নি। ইসরায়েল অবশ্য বলছে, এটা শান্তি আলোচনার জন্য কোনো বাধাই নয়।মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা যাতে সফল হয়, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র উভয়পক্ষকে সমঝোতায় নিয়ে আসতে সব রকমের চেষ্টা চালাচ্ছে। বারাক ওবামা শান্তি আলোচনার স্বার্থে ইসরায়েলকে বসতি নির্মাণের নিষেধাজ্ঞা নবায়নের জন্য আহ্বান জানিয়েছেন।—বিবিসি ও রয়টার্স