বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন অংশের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন হাজার বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল শুক্রবার এ ঘোষণা দেয় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে ফিলিস্তিনকে সংস্থাটির পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্য দিয়ে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে ফিলিস্তিন আরেক ধাপ এগিয়ে গেল। জাতিসংঘের এ অনুমোদনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের অধিকৃত অংশে ইসরায়েল বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ এবং রাশিয়া, চীন, ভারতসহ মোট ১৩৮টি দেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ মাত্র নয়টি দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য, জার্মানিসহ ৪১টি দেশ।নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একজন কর্মকর্তা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনির পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রাপ্তির বিষয়টি পরিষ্কার হওয়ার প্রেক্ষাপটে গত বৃহস্পতিবারই অধিকৃত অংশে বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তেলআবিব। এছাড়া জেরুজালেমের কাছে পরিকল্পনাধীন সহস্রাধিক বসতি নির্মাণের কাজ দ্রুত করারও সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখলকৃত এলাকায় ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ ইসরায়েলি বাস করছে। ১৯৬৭ সালে ইসরায়েল ওই ভূখণ্ড দখল করে নেয়।সমালোচকেরা বলছেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নের অন্তরায়। এদিকে সাধারণ পরিষদে ফিলিস্তিনের এই মর্যাদার উন্নীতকরণে যুক্তরাষ্ট্র ‘হতাশা’ ও ইসরায়েল ‘ক্ষোভ’ প্রকাশ করেছে। ইসরায়েলের একজন কর্মকর্তা স্বীকার করেছেন, তেল আবিব কূটনৈতিকভাবে পুরোপুরি ব্যর্থ হয়েছে।