বসন্ত আজ গণদাবি হয়ে বাঁচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা হতে পারত, তা সব সময় হয় না। এ জন্য আক্ষেপ থাকে মনে। গতকাল বুধবার অমর একুশে বইমেলার ত্রয়োদশ দিনে যেমন হওয়ার কথা তেমনটা হয়নি মেলা—অন্তত লোকসমাগম ও বেচাকেনার দিকটা বিবেচনা করলে চিত্রটা ছিল হতাশাব্যঞ্জক। তবে প্রকাশকদের কথায় আক্ষেপের লেশমাত্র পাওয়া গেল না। তাঁদের বেশির ভাগের মুখে ছিল উজ্জ্বল হাসি। বেচাকেনা নেই, তবু কোন প্রণোদনায় হাসছেন তাঁরা? জানতে চাইলে প্রকাশকদের একজন পশ্চিমবঙ্গের শিল্পী কবীর সুমনের সদ্য লেখা একটি গানের উদ্ধৃতি দিয়ে বললেন, ‘বসন্ত আজ বন্ধুরা দেখো/ গণদাবি হয়ে বাঁচে।’শাহবাগের প্রজন্ম চত্বরে চিহ্নিত মানবতাবিরোধী অপরাধী রাজাকার-আলবদরের ফাঁসির দাবিতে তরুণদের আন্দোলনে সংহতি জানিয়ে এ গানটি লিখেছেন সুমন। বসন্ত আসার আগে আন্দোলনের বসন্ত চলে এলেও গতকাল প্রকৃত বসন্তের প্রথম দিনটিকে বাসন্তী রঙে রঙিন করে তোলায় কিন্তু কার্পণ্য ছিল না। বাসন্তী রঙের শাড়ি পরা বালিকা-কিশোরী-তরুণীরা শাহবাগ মোড়ের ফুলের দোকান থেকে গাঁদার মালা খোঁপায় জড়িয়ে নিয়ে প্রতিবছর বইমেলা প্রাঙ্গণে হাজির হওয়ার যে রীতি ছিল, এবার তার একটু ব্যতিক্রম হলো। মেয়েদের মতো পুরুষদের পোশাকেও ছিল বাসন্তী রঙের ছোঁয়া। তবে তাঁদের বেশির ভাগই রয়ে গেলেন শাহবাগের প্রজন্ম চত্বরে। অবশ্য ভুল করে অনেকেই কালো রঙের কাপড়চোপড় পরে চলে এসেছিলেন। প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের পক্ষে তিন দিন আগে পয়লা ফাল্গুনে কালো পোশাক পরে আসার আহ্বান জানানো হয়েছিল। পরে মাঘের শেষ দিন সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।জনপ্রিয় লেখক আনিসুল হক বললেন, ‘আমার মনে হয়, প্রজন্ম চত্বরের পরের সিদ্ধান্তটাই সুবিবেচনাপ্রসূত হয়েছে। বাঙালি উৎসবগুলো বাঙালি ঐতিহ্যে পালন করাই তো ভালো।’ তিনি গতকাল বিকেল থেকেই ছিলেন প্রথমা প্রকাশনের স্টলে। প্রথমা থেকে মেলায় এসেছে মাহবুব আলমের বই গুপ্তধনের খোঁজে: ইতিহাসের বিচিত্র সরস কাহিনি। বইটির ভূমিকায় ইতিহাসবিদ সিরাজুল ইসলাম লিখেছেন, ‘খণ্ডিত সত্যের কাঠামোয় ভর করে মধ্যযুগ থেকে উনিশ শতকের বাংলার সমাজ ও সংস্কৃতিতে ওঠানামা ও ভাঙাগড়ার যে নানা চিহ্ন চোখে পড়ে, সেসবই প্রবন্ধ আকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ বইয়ে। এর কিছু অংশ আমাদের চেনা, কিছু অস্পষ্ট। আবার অনেকের কাছে হয়তো একেবারেই অচেনা।’নতুন বই: বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের তথ্যানুযায়ী, গতকাল মেলায় এসেছে ১১৮টি নতুন বই। মেলায় এসেছে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ইস্টিশন। উপন্যাসটি এনেছে তাম্রলিপি। তাম্রলিপি থেকেই মেলায় এসেছে অপলা হায়দারের উপন্যাস আঁটসাঁট জীবন। আহমদ রফিকের রবীন্দ্রচর্চা: বাংলাদেশ, সনৎকুমার সাহার ফিরে দেখা: রবীন্দ্রনাথ, জাকির তালুকদারের উপন্যাস ছায়াবাস্তব অনিন্দ্য প্রকাশ, আবুল আহসান চৌধুরীর বাঙালির কলের গান বেঙ্গল পাবলিকেশন্স, রেজাউর রহমানের গল্পের বই কার্নিস ছুঁয়েপড়া সূচীপত্র, আবুল মোমেনের কবিতার বইশূন্যতাসুন্দর বাতিঘর, নাসরীন জাহানের উপন্যাস কানামাছি কোন স্বপ্নে ছুট অন্যপ্রকাশ, ত্রিশাখ জলদাসের কবিতার বই জড়তুল্য পাথর পাঠসূত্র, আহমেদ শরীফ শুভর তৃষ্ণা ও জলে নন্দিতা প্রকাশ, প্রভাষ আমিনের স্বাধীনতা আমার ভালো লাগে না, মাহবুব মোর্শেদের গুরু ও চণ্ডাল ঐতিহ্য, এহসানুল ইয়াসিনের অহংকারের গোপন চিঠি প্ল্যাটফর্ম, জাওয়াদ তাজওয়ার মাহবুবের ফুটেছে ফুল বসন্তে শব্দ শিল্প থেকে মেলায় এসেছে।মেলামঞ্চে: গতকাল ‘কামরুদ্দীন আহমদ: সমাজ ও জীবনদর্শন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ পড়েন মাহবুবা নাসরীন। আলোচনা করেন মুনতাসীর মামুন, মুহাম্মদ সামাদ, জালাল ফিরোজ ও আহমাদ মাযহার। সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।আলোচনার শুরুতে সদ্য প্রয়াত লেখক-সাংবাদিক আবদুল মতিনের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আজ বিকেল চারটায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন জাকির তালুকদার।