বসন্তপুরের রঙিন শখের হাঁড়ি
শখের হাঁড়ি যাবে ঢাকায় বাংলা একাডেমীর মাঠে বৈশাখী মেলায়। তা নিয়ে রাজশাহীর পবার বসন্তপুর গ্রামের পালপাড়ায় মাসখানেক থেকে সাজ সাজ রব। বাড়ির ছেলে-বুড়ো, বউ-ঝি কারও দম ফেলার সময় নেই। নানা আকারের শত শত মাটির হাঁড়ি রঙে নকশায় মনোহর করে সাজিয়ে তুলতে মেতে উঠেছেন তাঁরা। ভোর থেকে রং-তুলি নিয়ে বসা, কাজ চলছে টানা মধ্যরাত অবধি।বসন্তপুরের এই কর্মচাঞ্চল্য অবশ্য সারা বছর থাকে না। ঝিমিয়ে পড়া বসন্তপুরে কর্মচাঞ্চল্য ফিরে আসে চৈত্রের শুরু থেকে। বৈশাখ বরণের জন্য ঐতিহ্যবাহী ‘শখের হাড়ি’ রঙানোর ধুম পড়ে যায় পালপাড়ায়। বসন্তপুরের বিখ্যাত শখের হাঁড়ি রাজধানী ঢাকার বৈশাখী মেলাসহ সারা দেশের বৈশাখী মেলার একটি অন্যতম প্রধান ও জনপ্রিয় কারু পণ্য।বসন্তপুরে ৪০ ঘর পালের বসবাস। সারা বছর তাঁরা গৃহস্থালির নৈমিত্তিক প্রয়োজনের সামগ্রী হাঁড়ি-পাতিল তৈরি করেন। তবে বৈশাখী উৎসবের জন্য আলাদা আয়োজন। এ সময় তাঁরা ব্যস্ত থাকেন মাটির সানকি তৈরি ও শখের হাঁড়ির নকশার কাজে। পাড়ার অনেকেই আমন্ত্রিত হয়ে ঢাকায় যান বৈশাখী মেলায় দর্শকদের সামনে বসে কাজ করতে। এবার আমন্ত্রণ পেয়েছেন প্রবীণ সুশান্ত কুমার পাল ও সুবোধ কুমার পাল। সুবোধ মুখোশ তৈরিতেও সিদ্ধহস্ত। এবার তিনি বাংলা একাডেমীতে বৈশাখী মেলায় মুখোশ তৈরি করবেন বলে জানালেন। বসন্তপুরে ঢুকেই চোখে পড়ল পালপাড়াজুড়ে চলছে সাজ সাজ রব। বেশ খানিকটা পায়ে চলা সরু পথ ধরে এগিয়ে যাওয়ার পর পাওয়া গেল সুশান্ত পালের বাড়ি। ঘরের ভেতরে ঝলমল করছে বাহারি রঙের শখের হাঁড়ি।সুশান্ত কুমার পাল বলেন, বাংলার এমন ঐতিহ্য একসময় ছিল, শখের হাঁড়ি ছাড়া বিশেষ করে বিয়েবাড়িতে মিষ্টি নিয়ে যাওয়াই হতো না। রঙিন সাজিতে করে চিঁড়া, মুড়ি ও সন্দেশ দেওয়া হতো। পঞ্চ সাজিতে মেয়েরা ভরে রাখত তাদের গয়না, চুকোইয়ের (ছোট ছোট রঙিন হাঁড়ি) ভেতরে রাখা হতো পয়সা।গত শনিবার বসন্তপুর গ্রামের পালপাড়ায় গিয়ে দেখা গেছে, নতুন হাঁড়ি তৈরি, শুকানো, গাড়িতে সাজানো নিয়ে নানা ধরনের ব্যস্ততা। সবকিছু দেখভালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সুশান্ত কুমার নিজে। পরিবারের সবাই যেন জন্মগতভাবেই শিল্পী হয়ে উঠেছেন।শখের হাঁড়ি চিত্রণে সুশান্ত কুমার পালই এখন দেশের সবচেয়ে প্রবীণ ও প্রধান কারুশিল্পী। স্বীকৃতিও পেয়েছেন কাজের। বসন্তপুরের মৃিশল্পীরা জানালেন, এখন খরচ বেড়ে গেছে। দূরে বারনই নদী থেকে মাটি নিয়ে এসে হাঁড়ি গড়তে হয়। তার খরচ অনেক। ঢাকায় এত দূর থেকে বাস-ট্রাকে করে এই মালামাল নিয়ে গিয়ে বিক্রি করে খরচ ওঠে না। ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। ফলে শখের হাঁড়ি বিক্রি করে খরচ তোলা যায় না।