বসন্তে লু হাওয়ার সঙ্গে মেঘের মিতালি
বসন্তের মৃদুমন্দ বাতাসে এখন একটু একটু করে বাড়ছে লু হাওয়ার প্রভাব। এতে গত কয়েক দিনে হিম হিম বাতাসে মাঝেমধ্যেই পাওয়া যাচ্ছে উষ্ণতার পরশ। আজ সোমবার সকাল থেকে বইছে বেশ ঠান্ডা বাতাস। সূর্যের দেখাও মিলছে না। এমন আবহাওয়া বৃষ্টি ডেকে আনতে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন।প্রকৃতির এমন আকস্মিক রূপ পরিবর্তন নিয়ে কথা হলো ঢাকার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এস এম মাহমুদুলের সঙ্গে। তাঁর ভাষ্য, এ সময় এমন আবহাওয়া অস্বাভাবিক কিছু নয়। বাতাস এত দিন উত্তর দিক থেকে বয়ে গেছে। এখন পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম থেকে বইতে শুরু করছে। তিনি বলেন, শীত চলে যাওয়ার সময় আবহাওয়া সাধারণত এমনই থাকে। এ সময় সকালে একটু ঠান্ডা থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। সন্ধ্যার দিকে ঠান্ডা, রাতে আবার গরম পড়বে।মেঘলা আকাশের ব্যাপারে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরের দিক থেকে জলীয়বাষ্প স্থলভাগের দিকে আসছে। এতে মেঘের সৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় বৃষ্টির সম্ভাবনা থাকে।