বসন্তের ঢাকায় নেহা
বসন্তের পয়লা দিনে বাংলাদেশে এলেন বলিউড তারকা নেহা ধুপিয়া। কাকতালীয়ভাবে হলেও বাসন্তী রঙের পোশাক পরে কাটালেন সারাটা দিন! এই তথ্য জেনে নেহার কণ্ঠে উচ্ছ্বাস, ‘সত্যিই তাই? জানতাম না এটা! ভেবে ভালো লাগছে, না জেনে হলেও বাংলাদেশের বসন্তের প্রথম দিনটি এভাবে উদ্যাপন করতে পারলাম বলে!’ নেহা বাসন্তী রঙের পোশাক গায়ে চড়িয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সুবাদে; বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই দলটির জার্সির রঙ বাসন্তী কি না! আর এই দলের সমর্থক হিসেবে গত সোমবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে হাজির ছিলেন নেহা।চিটাগং কিংসের বিপক্ষে সমর্থিত দলের ৬ উইকেটের জয় আর গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাস দেখে মন ভরেছে ২০০২ সালের এই ফেমিনা মিস ইন্ডিয়ার। বললেন মুগ্ধতার কথা, ‘বাংলাদেশের দর্শকেরা যে এতটা ক্রিকেটপাগল, তা কেবল মাঠে বসে টের পেলাম। খেলাটাও খুব টানটান উত্তেজনাময় ছিল। আর মাঠটা এত চমৎকার! বাংলাদেশে বারবার আসতে চাই আমি।’ সদ্যই ম্যাক্সিমাম নামের একটা ছবির কাজ শেষ করলেন নেহা, শুটিং চলছে রাফতার নামের আরেকটি ছবির। ২০০৩ সালে কেয়ামত: সিটি আন্ডার থ্রেট ছবি দিয়ে ক্যারিয়ারের শুরু; এরপর জুলি এবং সিসার মতো ছবিতে খোলামেলা চরিত্রে অভিনয় করেছেন নেহা। তবে এরপর চুপ চুপ কে এবং মাই ফ্রেন্ড হিটলার ছবিগুলোতে শক্তিশালী কিছু চরিত্রেও দেখা গেছে তাঁকে। বললেন এই পরিবর্তন প্রসঙ্গে, ‘দর্শক যা চায়, আমি তা-ই করতে চাই সব সময়।’ হোটেল ওয়েস্টিনে তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন ঘড়িতে রাত ১১টা পেরিয়েছে; কিছুক্ষণ বাদেই ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। তাই আমাদের শেষ প্রশ্ন ছিল, আগামীকালের পরিকল্পনা কী? নেহার পত্রপাঠমাত্র উত্তর, ‘কিচ্ছু না! কাল (মঙ্গলবার) ভোর পাঁচটায় ফ্লাইট। গিয়েই শুটিংয়ে নেমে যাব, এই তো! বাংলাদেশের সবাই নিশ্চয় উদ্যাপন করবেন এই দিনটা; তাদের সবার জন্য আমার গভীর ভালোবাসা।’