বসন্তের বারতা
‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের এ লাইনটিই আজকের দিনের জন্য বোধ হয় যথেষ্ট। ইট, কাঠ, কংক্রিটের এই শহরে গাড়ির কালো ধোঁয়ার বুকে বসন্ত তার দখিনা বাতাস নিয়ে হাজির হয়েছে। ঋতুরাজকে স্বাগত জানাতে নগরবাসীও বসন্ত-বন্দনায় পিছিয়ে নেই। পরনে হলুদ শাড়ি, খোঁপায় গাঁদার ফুল, কানে দু-একটি রজনীগন্ধার পাপড়ি পরে বসন্তের প্রথম প্রহর কাটাতে অনেকেই তাই আজ ছুটছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় কিংবা রমনা উদ্যানে।তরুণ-তরুণীরা আজ প্রকৃতির রঙে রাঙাবেন নিজেকে। আর সুর করে গাইবেন রবিঠাকুরের গান, ‘ফাগুনের নবীন আনন্দে/ গানখানি গাঁথিলাম ছন্দে/ দিল তারে বনবীথি কোকিলের কলগীতি/ ভরি দিল বকুলের গন্ধে/ বাণী মম নিল তুলি পলাশের কলিগুলি/ বেঁধে দিল তব মণিবন্ধে...’। নগরে বসন্তের আগমনী বার্তা এনেছে বকুল ফুল, পলাশের ডাল, আমের মুকুল, হলুদ গাঁদার মিছিল আর কোকিলের কুহু কুহু স্বর।বসন্ত বরণের নানা সাজে ব্যস্ত ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথের গান ছাড়া বসন্ত বরণ যেন নগরবাসীর পক্ষে অসাধ্য সাধন। তাই আজ সারা দিন নাগরিক বাতাসে কান পাতলেই ভেসে আসবে, ‘আহা আজি এ বসন্তে...’। নাগরিক জীবনে বসন্তের ছোঁয়া সব দুঃখ-কষ্ট ঝরিয়ে নতুন সুখের রং লাগাতে পারবে কি না, সেটা জানার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ কে নিপুণ। তবে বসন্তের প্রথম প্রহরেই প্রিয়জনের সন্ধানে অনেকেই যে নামবেন বসন্ত বরণের শোভায়, সে কথা জানিয়ে চারুকলার শিক্ষার্থী তানহা তাসবীর বলছিলেন, ‘আমরা তো গাইতে চাই, “এত দিন যে চেয়ে ছিলেম পথ চেয়ে আর কাল গুণে/ দেখা পেলেম ফাল্গুনে...”।’ তবে ফাগুনের মোহনায় মনমাতানো আয়োজনে শিষ্টাচারের কথা ভুললে চলবে না। কেননা, কাউকে উত্ত্যক্ত করে বসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বখাটেদের দমনে প্রস্তুত। এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান। তার পরও নাগরিক জীবনে বসন্তের ছোঁয়ায় মন দোলাতে প্রকৃতির সঙ্গে মন রাঙাতে নগরবাসী নিশ্চয়ই গেয়ে উঠবে শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে/ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে/ সইগো বসন্ত বাতাসে...’।