বসন্তের শহরে ফুলের সমাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্জিকার হিসাবে এখন চৈত্র মাস, ঋতুটা বসন্ত। নগর প্রকৃতিতে কি ঋতুরাজের কোনো আঁচ আছে? শহরের পথে একটা চক্কর দিলেই মেলে উত্তর। ফাগুন মাসের বিদায়ে পলাশ বিবর্ণ হতে শুরু করেছে। কার্জন হলের একটা গাছেও এখন আর পলাশের দেখা মেলে না। রমনা উদ্যানে গেলে দু-একটি গাছে পলাশের দেখা পাওয়া যেতে পারে।বসন্তের সৌন্দর্য দেখা যায় রমনায়। এই তো সেদিন এখানে এক কাঠবিড়ালিকে দেখলাম মহুয়া ফুলে কুটকুট করছে। শ্বেত শিমুলে বুলবুলি আর টিয়েপাখির নাচনও বেশ লাগল। সেখান থেকে কার্জন হলের উদ্ভিদ উদ্যানে গিয়ে শুনলাম কোকিলের গান। বসন্ত মানেই কোকিলের গান, নইলে মনেই হয় না, ‘বসন্ত জাগ্রত দ্বারে...’।সেদিন ধানমন্ডির ১৫ নম্বর সড়ক হয়ে বাসায় ফিরছিলাম। দুপুরবেলা হঠাৎ কানে বাজে কারও কণ্ঠের অস্ফুট ধ্বনি, ‘ওয়াও!’ তাকিয়ে দেখি এক কিশোরী অশোকের ফুল দেখে বিস্ময়ে হতবাক হয়ে পড়েছে। এখানে সারি সারি অশোকগাছ ফুলে ফুলে ভরা। অশোকের এমন শোভা দেখতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন সেই সড়কে। এখান থেকে ভাষাসৈনিক তোয়াহা সড়কে (সড়ক ৯-এ) এলে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে প্রাচীন এক রুদ্রপলাশের সঙ্গে। এই সড়কের একটি কমিউনিটি সেন্টারের ঠিক উল্টোদিকের ফুলে ভরা গাছটি আপনাকে বিস্মিত করতে বাধ্য।একসময় বলধা বাগানে একটি রুদ্রপলাশ ছিল। ঝড়ে উপড়ে শেষ হয় সেই দুষ্প্রাপ্য গাছের শতবর্ষের ইতিহাস। এখন রমনা উদ্যানে গেলে রুদ্রপলাশ দেখা সহজ, কিন্তু বিশাল গাছের ফুলের নাগাল পাওয়া কঠিন। সে হিসেবে ভাষাসৈনিক তোয়াহা সড়কের গাছটি সোনায় সোহাগা। ফুল একেবারে হাতের নাগালে। যেমন চোখ জুড়াবে, তেমন মনও ভরে উঠবে। তারপর বঙ্গবন্ধুর বাড়ির কাছে লেকের ধারে পলাশ বীথি। হাত বাড়ালেই এমন পলাশ আর কোথাও পাবেন না। ধানমন্ডি এলাকায় এমন অনেক রকমারি গন্ধ আর বর্ণের হাজারো ফুলের সমাহার। ধানমন্ডির রাস্তায় ঘুরে ঘুরে এমন পাগল করা বসন্তে রাঙিয়ে নিতে পারেন নিজেকে। আপনি চাইলে ৬০ টাকা ঘণ্টায় রিকশা ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারেন ধানমন্ডির বসন্তের বাহার।আবার চাইলে চলে যেতে পারেন রমনা উদ্যানে। এখানে সাদা আর বেগুনি রঙের কাঞ্চনের দেখা পাবেন। গ্লিরিসিডিয়ার দেখাও পেয়ে যাবেন এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলেও গ্লিরিসিডিয়া আছে, আছে জাতীয় উদ্ভিদ উদ্যানে। বসন্তের শুরুতে ফুল ফুটলেও এই ফুল গাছে অনেক দিন থাকে। এখন ব্রুনফেলসিয়ার সময়। ব্রুনফেলসিয়া তার গন্ধ আর বর্ণে মাতিয়ে রেখেছে পুরো রমনা উদ্যান। যেন ব্রুনফেলসিয়ার মেলা বসেছে। বেগুনি রঙে ফোটা এই ফুলটি বাসি হলে সাদা হয়ে ঝরে পড়ে। এর ইংরেজি নামটা মজার, ‘ইস্টারডে টুডে অ্যান্ড টুমরো’। এখানে নীলমণিলতা ফুলের ডালি সাজিয়ে বসেছে। গুস্তাভিয়াতে ফুল এসেছে, ফুল ফুটেছে মান্দার গাছে।ঢাকা ব্যাংক ধানমন্ডি শাখার সামনে একটি মান্দার গাছ ফুলে ভরে আছে, জুনিয়র ল্যাবরেটরি স্কুলের সামনেও আছে একটি। আরেকটি মান্দার গাছ আছে বঙ্গবন্ধুর বাড়ির পাশে। মান্দার ফুলের তুলনা হয় না, ঢাকা শহরে মান্দারের মহিমা বোঝা ভার, একবার শহর ছেড়ে কোনো দূর গ্রামে গেলে এ সময় মান্দারের শোভায় মন রাঙাতে পারবেন।রমনা উদ্যানের পানির ট্যাংকির পাশে মহুয়া গাছটি শতবর্ষের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। রমনায় এমন মহুয়া গাছ আরও চার-পাঁচটি রয়েছে। আছে অনেক বকুল আর মিলেশিয়া। পাতা ছাড়া নীল মিলেশিয়া দেখে আপনি ভাবতে বাধ্য হবেন, এ যেন আকাশের নিচে আরেক আকাশ। সঙ্গে মাটিতে যেন নীল কার্পেট! রমনার নার্সারিতে চোখে পড়বে পালান ফুল।রমনা উদ্যান ঘুরে আপনি তার কাছেই গণপূর্ত অধিদপ্তর প্রাঙ্গণ ঘুরে আসতে পারেন। তারপর হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এলাকায় একবার ঢুঁ মারুন। ঢুঁ মারুন কার্জন হলে। এখানে লাল সোনাপাতির দেখা পাবেন, দেখা হয়ে যাবে অঞ্জন, কনজিয়া, নাগকেশর, ব্রাউনিয়া, রাজ ধুতরা প্রভৃতি ফুলের। ব্রাউনিয়ার সারি আছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। নাটোরের দিঘাপাতিয়ার উত্তরা গণভবন থেকে এসব গাছের চারা এনে এখানে লাগানো হয়েছে। তা ছাড়া রমনা উদ্যান, বলধা গার্ডেন আর কার্জন হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানেও এ গাছটি রয়েছে। সাদা পাপড়ির ওপর অজস্র পরাগে ভরা নাগকেশর যেন একটি ডিম পোচ, কার্জন হলে বামন আকৃতির এই গাছ আছে অনেক। শুধু কার্জন হল নয়—আইডিবি ভবন, এয়ারপোর্ট রোডসহ এই গাছটি এখন শহরজুড়ে দাঁড়িয়ে, শুধু চোখ-কান খোলা রাখলেই দেখা মিলবে। বলধা বাগানের আগের সে জৌলুশ নেই। তবু বসন্তের ফুল কণ্টকলতা দেখতে আপনাকে বলধা বাগানে যেতেই হবে। ফুল নয়—কণ্টকলতা যেন প্রজাপতি।এখানে রয়েছে বিশাল দুটি মুচকুন্দ গাছ, শিশু একাডেমীতেও দুটি মুচকুন্দ চাপা রয়েছে। এই সময় বলধা বাগানে আপনি ব্রুনফেলসিয়া আমেরিকানের দেখা পাবেন। গাছটি আমাদের শহরে একেবারেই কম। হুমায়ূন আহমেদের নূহাশপল্লিতে এই প্রজাতির কিছু গাছ আছে।