বসবাসযোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৯
বিশ্বে বসবাসের উপযোগী শহরের তালিকায় টানা তৃতীয় বছরের মতো শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। আর মোট ১৪০টি শহরের এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৩৯তম। সর্বশেষ স্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) চলতি বছর বৈশ্বিক বসবাসযোগ্যতা শীর্ষক জরিপের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে। বসবাসযোগ্যতা নির্ধারণে সুপরিসর আঙ্গিকে পাঁচটি মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ পাঁচটি শহরের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অস্ট্রিয়ার ভিয়েনা, কানাডার ভ্যাঙ্কুভার, টরন্টো ও ক্যালগারি।তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। এর আগে রয়েছে যথাক্রমে ঢাকা, পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবাই, নাইজেরিয়ার লাগোস ও জিম্বাবুয়ের হারারে শহর। শীর্ষস্থানীয় শহরগুলোর অধিকাংশই গত বছরের জরিপেও একই অবস্থানে ছিল। তালিকায় শীর্ষ ১০টি শহরের মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাঁচটি শহর ঠাঁই করে নিয়েছে। আর কানাডার তিনটি শহরও সেরা ১০টির মধ্যে রয়েছে।মধ্যপ্রাচ্যে আরব বসন্ত, ইউরোপের ব্যয় সংকোচন, চীনা অসন্তোষ ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রভৃতি কারণে বিশ্বের বিভিন্ন দেশের ২৮টি শহরের অবস্থান আগের বছরের তুলনায় নিচে নেমে গেছে। সিএনএন।