বসবাসের অনুপযোগী শহরের তালিকায় এবারও ঢাকা দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে বসবাসের অনুপযোগী শহর হিসেবে এ বছরও দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। আর প্রথম অবস্থানে এসেছে জিম্বাবুয়ের হারারে শহরের নাম। অন্যদিকে সবচেয়ে বসবাস উপযোগী শহর হিসেবে নির্বাচিত হয়েছে কানাডার ভ্যানকুভার। লন্ডনভিত্তিক সাপ্তাহিক সাময়িকী ইকোনমিস্ট-এর গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০১১ সালের জরিপে এই তথ্য উঠে এসেছে। গত সোমবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।জরিপ প্রতিবেদনে ১৪০টি শহরের মধ্যে বসবাসের উপযোগিতার দিক থেকে ঢাকার অবস্থান ১৩৯তম; আর বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরের মধ্যে দ্বিতীয়। বসবাসের অনুপযোগী শীর্ষ দশে দক্ষিণ এশিয়াতেই তিনটি শহর রয়েছে। ঢাকা ছাড়া অন্য দুই শহর হলো পাকিস্তানের করাচি (ষষ্ঠ) ও শ্রীলঙ্কার কলম্বো (দশম)। অন্যদিকে বসবাসের উপযোগী শীর্ষ দশ শহরের মধ্যে চারটিই অস্ট্রেলিয়ায়। এগুলো হলো মেলবোর্ন (দ্বিতীয়), সিডনি (সপ্তম), পার্থ (অষ্টম) ও এডিলেড (দশম)।ইআইইউর ২০১০ সালের জরিপেও বিশ্বের বসবাসে উপযোগী শহরের তালিকায় ঢাকা শেষের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল।মোট ১০০ পয়েন্টের সূচকের ভিত্তিতে জরিপটি চালানো হয়। এর মধ্যে ঢাকার অর্জন ৩৮ দশমিক ৭ পয়েন্ট। আর হারারের ৩৭ দশমিক ৫।অপর দিকে ভ্যানকুভারের অর্জন ৯৮ পয়েন্ট। মেলবোর্নের পয়েন্ট ৯৭ দশমিক ৫।পাঁচটি নির্ধারকের আওতায় ৩০টিরও বেশি গুণগত ও পরিমাণগত বিষয়ের ওপর ভিত্তি করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট এই সূচক তৈরি করেছে। সূচকের মূল পাঁচটি নির্ধারক হলো: স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। স্থিতিশীলতার মধ্যে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে, তার মধ্যে রয়েছে: ছোট অপরাধের উপস্থিতি, সহিংস অপরাধের উপস্থিতি, সন্ত্রাসের হুমকি, সামরিক যুদ্ধের হুমকি ও গৃহযুদ্ধের হুমকি।স্বাস্থ্যসেবার মধ্যে বিবেচনা করা হয়েছে: ব্যক্তি পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা, বেসরকারি স্বাস্থ্যসেবার মান, সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা, সরকারি স্বাস্থ্যসেবার মান, মাদকবিরোধী সক্ষমতা ও স্বাস্থ্যসেবার সাধারণ নির্ধারক। সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়ের মধ্যে বিবেচনা করা হয়েছে: তাপমাত্রা বা আর্দ্রতার হার, ভ্রমণকারীদের কাছে আবহাওয়ার অস্বস্তিকর দিক, দুর্নীতির মাত্রা, সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ, সেন্সরশিপের মাত্রা, ক্রীড়ার সক্ষমতা, সংস্কৃতিগত সক্ষমতা, খাদ্য ও পানীয় এবং ভোক্তাপণ্য ও সেবা।শিক্ষার মধ্যে বিবেচনা করা হয়েছে বেসরকারি শিক্ষার সক্ষমতা, বেসরকারি শিক্ষার মান ও সরকারি শিক্ষার নির্ধারককে। এ ছাড়া অবকাঠামোগত বিষয়ের মধ্যে বিবেচনা করা হয়েছে: সড়ক যোগাযোগের মান, সরকারি পরিবহনের মান, আন্তর্জাতিক যোগাযোগের মান, ভালো মানের বাসগৃহের প্রাপ্যতা, জ্বালানি সরবরাহের মান, পানি সরবরাহের মান ও টেলিযোগাযোগের মান।