বসরায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০
ইরাকের বসরা নগরের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইঙ্গো-মার্কিন বাহিনীর ইরাক আক্রমণের ১০ বছর পূর্তির এক দিন আগে গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটানো হলো। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর বসরা দখল করেছিল যুক্তরাজ্যের সেনাবাহিনী।স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ রোববার বসরার ১৮ কিমি. উত্তরে গারমত আলী নামক জায়গার একটি বাস স্টেশনের কাছে একটি গাড়িতে বোমাটি বিস্ফোরিত হয়। এর আগে বসরার পশ্চিমে আরেকটি বোমার বিস্ফোরণে দুজন আহত হন। বসরা ইরাকের একটি প্রধান বন্দর এবং শিয়া মুসলমান-অধ্যুষিত। ইরাকের অন্য শহরগুলোর তুলনায় বসরায় এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা অপেক্ষাকৃত কম ঘটে। বিবিসি আরও জানায়, গত কয়েক সপ্তাহে ইরাকের মধ্য ও পশ্চিমাঞ্চলে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। এ সময়ে শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দেশটির সংখ্যালঘু সুন্নিদের আক্রমণ অব্যাহত রয়েছে। প্রায়ই সরকারি কর্মকর্তারা ও শিয়া সম্প্রদায়ের লোকজন সুন্নি জঙ্গিদের আক্রমণের শিকার হন। এর আগে গত বৃহস্পতিবার বাগদাদে সিরিজ বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় ২০ জনের বেশি নিহত হয়েছিলেন।