বসরায় উপদূতাবাস বন্ধ করবে যুক্তরাজ্য
ইরাকের বসরা নগরে পূর্ণাঙ্গ উপদূতাবাসটি বন্ধ করে দেবে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বসরায় একটি কার্যালয় রাখবে, তবে সেখানে স্থায়ী কোনো কর্মী থাকবেন না। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ইরাকের সঙ্গে বাণিজ্যে যুক্ত ব্রিটিশ ব্যবসায়ীরা এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, ইরাকের রাজধানী বাগদাদে ব্রিটিশ দূতাবাসে কর্মীর সংখ্যা বাড়িয়ে তেল-সমৃদ্ধ দেশটিতে নিজেদের স্বার্থ বজায় রাখা হবে।বিবিসির খবরে বলা হয়, প্রয়োজন অনুসারে কূটনীতিক ও ব্যবসাবিষয়ক কর্মকর্তাদের বাগদাদের দূতাবাস থেকে অন্যত্র যেতে হবে।আশা করা যাচ্ছে, সরকারের এ পদক্ষেপ অধিক কার্যকর হবে বলে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ মত দেবেন। বর্তমানে ওই উপদূতাবাস বাবদ ৬৫ লাখ পাউন্ড ব্যয় হয়। এটি বন্ধ হলে এই বিপুল ব্যয়ের সাশ্রয় হবে।ব্রিটিশ ব্যবসায়ীদের তরফ থেকে বলা হচ্ছে, সরকারের এ সিদ্ধান্তে ইরাকের দক্ষিণাঞ্চলে বড় বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ চীন ও কোরিয়ার হাতে চলে যাবে। তাঁদের মতে, সাদ্দাম হোসেন-বিরোধী যুদ্ধে যুুক্তরাজ্য শরিক হওয়ায় সাধারণ ইরাকিরা ব্রিটিশবিরোধী মনোভাব পোষণ করেন। ওই যুদ্ধের বিরোধিতার কারণে চীনের জনপ্রিয়তা ইরাকিদের মধ্যে এমনিতেই বেশি।২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর ব্রিটিশ সেনারা প্রায় ছয় বছর ইরাকে অবস্থান করেছে।