বসুন্ধরা আবাসিক প্রকল্পের ১ম পর্ব ছাড়া কোনোটিরই অনুমোদন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, একটি দৈনিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় অনুমোদিত বেসরকারি আবাসন প্রকল্প নিয়ে বিকৃত তথ্য পরিবেশন করা হয়েছে। ওই খবরে বসুন্ধরা গ্রুপের আবাসিক প্রকল্পের অনুমোদন সম্পর্কে অসত্য ও বিকৃত তথ্য তুলে ধরা হয়।এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে প্রতিমন্ত্রী মান্নান খান প্রথম আলোকে বলেন, এভাবে তথ্য বিকৃত করা কোনো পত্রিকার নীতি হতে পারে না। গত বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে পত্রিকায় প্রকাশিত ওই বিভ্রান্তিকর খবর নিয়ে আলোচনা হয়।৮ ফেব্রুয়ারি সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী রাজউকের আওতাধীন এলাকায় ২৬টি আবাসন প্রকল্পের অনুমোদন থাকার কথা জানান। পরদিন বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকায় গৃহায়ণ প্রতিমন্ত্রীর বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ‘বসুন্ধরাসহ ২৬ আবাসন প্রকল্পের অনুমোদন আছে।’ কিন্তু ওই দিন সংসদে উত্থাপিত প্রশ্ন ও উত্তর পর্বে বলা হয়, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রথম পর্বেরই কেবল অনুমোদন আছে। কিন্তু ওই প্রকল্পের সংশোধিত ও সম্প্রসারিত এলাকার অনুমোদন দেয়নি রাজউক।এ প্রসঙ্গে গৃহায়ণ প্রতিমন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের সরকার বসুন্ধরার কোনো নতুন প্রকল্পের অনুমোদন দেয়নি এবং জাতীয় সংসদে প্রশ্নোত্তরে লিখিতভাবে বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু প্রকাশিত খবরে মানুষকে ভুল তথ্য দেওয়া হয়েছে।’৮ ফেব্রুয়ারি গৃহায়ণ প্রতিমন্ত্রী সংসদে বলেছিলেন, রাজউক অননুমোদিত প্রকল্প থেকে কেউ জমি কিংবা ফ্ল্যাট কিনে প্রতারিত হলে প্রতারক প্রকল্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারেন। এ ছাড়া ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও উহার ব্যবস্থাপনাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন, ২০১০’-এর ষষ্ঠ অধ্যায়ের ১৯ থেকে ৩০ ধারায় বিভিন্ন অপরাধ সংঘটনের জন্য বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বিভিন্ন অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে।