বসুন্ধরা গ্রুপ জেটি ব্যবহার করে, ল্যান্ডিং চার্জ দেয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটনেস পরীক্ষা (সার্ভে) এবং রুট পারমিট ছাড়া কোনো ধরনের নৌযান যাতে চলতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে এই সুপারিশ করা হয়।কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী জানান, বর্তমানে রুট পারমিট এবং ফিটনেস সনদ নিয়ে মাত্র আট হাজার নৌযান চলাচল করছে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে নৌদুর্ঘটনায় প্রাণহানি না ঘটে, তা বিবেচনায় নিয়ে কমিটি এই সুপারিশ করেছে। ফিটনেসবিহীন নৌযানগুলোই দুর্ঘটনায়-কবলিত হয়।বৈঠকে বর্ষা মৌসুমে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরির পাশাপাশি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চারটি বড় নৌযানের মাধ্যমে যাত্রী আনা-নেওয়ার সুপারিশ করা হয়। সভাপতি বলেন, বর্তমানে বিপজ্জনকভাবে স্পিডবোটের মাধ্যমে যাত্রীরা পারাপার হচ্ছে।বৈঠকে মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর আবুল কালাম আজাদ অভিযোগ করেন, সিমেন্টের কাঁচামাল আমদানিতে বসুন্ধরা গ্রুপ, সেনাকল্যাণ সংস্থা ও দুবাই বাংলাদেশ সিমেন্ট নিজেদের জেটি ব্যবহার করে। নিয়ম অনুযায়ী এদের ল্যান্ডিং চার্জ দেওয়ার কথা থাকলেও তা দিচ্ছে না। পাওনা চাইলে প্রতিষ্ঠানগুলো মামলা করছে। ২০০৩ সাল থেকে এসব প্রতিষ্ঠান বন্দর কর্তৃপক্ষকে কোনো মাসুল দিচ্ছে না। বর্তমানে এই তিন প্রতিষ্ঠানের কাছে বন্দর কর্তৃপক্ষের পাওনা টাকার পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। কমিটি বকেয়া টাকা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলেছে।অন্যদিকে বৈঠকে চট্টগ্রাম বন্দরের কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগে বলা হয়েছে, সাধারণ জাহাজ-ব্যবসায়ীদের মাল খালাসের সময় সিরিয়াল নম্বর নিতে হয়। অন্যদিকে সিমেন্ট উত্পাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজগুলো কোনো সিরিয়াল ছাড়াই মালামাল খালাস করছে। কমিটির সভাপতি বলেন, সিমেন্ট ব্যবসায়ীরা রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই কৌশল গ্রহণ করেছে। কমিটি মন্ত্রণালয়কে বলেছে, একই বন্দরে দুই ধরনের আইন থাকতে পারে না।নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌমন্ত্রী শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, মোস্তফা কামাল পাশা, মাজাহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম অংশ নেন।