বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান কারাগারে
আয়কর ফাঁকিসহ দুটি মামলায় সাজা পাওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেল চারটায় একটি অ্যাম্বুলেন্সযোগে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক কাদের নেওয়াজের নির্দেশে শাহ আলমকে কারাগারে পাঠানো হয়।এর আগে বেলা দুইটায় শাহ আলম আয়কর ফাঁকির মামলাসহ পৃথক পাঁচটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তিনটি মামলায় শাহ আলমের জামিন মঞ্জুর করেন। বাকি দুটি মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই দুটির মধ্যে কর ফাঁকির মামলায় আট বছর এবং অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহ আলম।এদিকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ও হাসপাতালে চিকিত্সার সুযোগ চেয়ে শাহ আলমের পক্ষে আদালতে আবেদন করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।