বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে সরকারের মামলা, গ্রেপ্তার ১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ও ঠাকুরপাড়া মৌজায় ‘মৌচাক হাউজিং’ প্রকল্পের নামে সরকারি সম্পত্তি দখল, অবৈধভাবে মাটি কাটা ও সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলার বাদী হচ্ছেন সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান খান। সরকারের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে এই প্রথম মামলা করা হলো। মামলার অপর আসামিরা হলেন ওই প্রকল্পের মহাব্যবস্থাপক (জিএম) মো. আবিদ হোসেন, নূরে আলম সিদ্দিকী (এজিএম), মো. মাসুম হোসেন (জ্যেষ্ঠ কর্মকর্তা-প্রসাশন), মো. সালেক হোসেন (প্রধান প্রকৌশলী) ও মো. ফারুক হোসেন (ভূমি কর্মকর্তা)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মৌচাক প্রকল্পের লোকজন ওই এলাকায় সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল করে এবং গত ২৯ এপ্রিল ওই জমি থেকে মাটি কেটে নিয়ে যায়। এতে বাধা দিলে মামলার বাদী মোখলেছুর রহমান খানকে হুমকি দেওয়া হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রথম আলোকে জানান, মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৌচাক সিটি প্রকল্পের জ্যেষ্ঠ কর্মকর্তা (প্রশাসন) মো. মাসুম হোসেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।