বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম আরও দুটি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঘুষ দেওয়ার মামলা এবং জমি দখল করতে বাড্ডায় মানিক হত্যা মামলায় গতকাল সোমবার দুটি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।এ নিয়ে তিন দিনে সাতটি মামলায় নিম্ন আদালত থেকে জামিন লাভ করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। এর আগের দিন রোববার বাড্ডা থানার চারটি মামলায় তিনি জামিন পান। জমি দখল, ইট-বালু-সীমানা খুঁটি চুরি ও প্রতারণার অভিযোগে এসব মামলা হয়। তার আগে গত বৃহস্পতিবার জলাধার আইনে দায়ের করা একটি মামলায় শাহ আলম জামিন পান। লেক দখল করে সরকারি খাস জমি দখলের অভিযোগে সরকার ওই মামলা করেছিল।গতকাল দুপুর সোয়া ১২টার দিকে শাহ আলম ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতে আত্মসমর্পণ এবং সাব্বির হত্যা মামলা ধাপাচাপা দিতে ঘুষ দেওয়ার মামলায় জামিনের আবেদন করেন।এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের আইনজীবী ফজলে নূর তাপস আদালতকে বলেন, যখন এ মামলা হয়েছে, আহমেদ আকবর সোবহান তখন চিকিৎসার জন্য বিদেশে ছিলেন। মামলার বিষয় জানার পর তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে হাইকোর্ট তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্ট জামিনের বিষয়ে বিবেচনা করতে বলেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।একই আদালতে শাহ আলম অসুস্থতার কারণ দেখিয়ে ব্যক্তিগত হাজিরার অব্যাহতি চেয়ে আবেদন করেন। কিন্তু অসুস্থতাসংক্রান্ত কোনো কাগজপত্র আদালতে দাখিল না করায় গতকাল এ নিয়ে শুনানি হয়নি। আদালত সূত্রে মামলার বিবরণে জানা যায়, বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই নৃশংসভাবে খুন হন। এ খুনের ঘটনায় শাহ আলমের ছেলে সাফায়েত সোবহান সানবীরের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলাটি করে পুলিশ। এই মামলা থেকে ছেলেকে রক্ষা এবং মামলাটি ধামাচাপা দিতে শাহ আলম তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবর গ্রেপ্তার হলে, এ কথা জানাজানি হয় এবং বাবর ঘুষের টাকা ফেরত দেন। এ ঘটনায় সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় লুৎফুজ্জামান বাবর ও বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।মানিক হত্যা মামলা: এ ছাড়া বাড্ডার মানিক হত্যা মামলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমানের আদালতে গতকাল আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শাহ আলম। ২০০৬ সালের ১৭ নভেম্বর বাড্ডা থানায় নিহতের বড় ভাই রতন চন্দ্র সরকার বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, বসুন্ধরা হাউজিং কোম্পানি বাড্ডা এলাকার আমাদিয়া টেক গ্রামের তিন দিকের নিচু জমি মাটি দিয়ে ভরাট করে। এর বিরুদ্ধে গ্রামবাসী প্রতিবাদ করলে ২০০৬ সালের ১৬ নভেম্বর রাতে বসুন্ধরা গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ওই গ্রামের ১৩টি পরিবারের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রতন চন্দ্র সরকার ও মানিক চন্দ্র সরকারকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত মানিক পরের দিন মারা যান।এ মামলায় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে শাহ আলমসহ বসুন্ধরা গ্রুপের আরও কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার কথা বলেছেন। পুলিশ সূত্র জানায়, মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তার পরও বিশেষ মহলের চাপে অভিযোগপত্র দেওয়া যাচ্ছে না। গত দুই বছর নয় মাসে মামলাটির নয়জন তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে।