বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্লট বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন আগামী ২ জুলাই আদালতে দাখিল করতে বলা হয়েছে।আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শামসুল ইসলাম এ আদেশ দেন।অন্য দুই আসামি হলেন আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান এবং ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রোপার্টির ভাইস চেয়ারম্যান ও আহমেদ আকবরের শ্যালক মাহবুব মোরশেদ।গত বছরের ১৮ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ব্যবসায়ী মোহাম্মদ শাহাজাহান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই তিনজন এবং ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রোপার্টির উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামের নামে মামলাটি করেন।এরই পরিপ্রেক্ষিতে আদালত আজ আসামিদের হাজির হতে সমন জারি করেছিলেন। তৌহিদুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলেও অন্য আসামিরা হাজির হননি। পরে আদালত এই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তৌহিদুল ইসলামকে স্থায়ী জামিন দেন।বাদী পক্ষে আজ মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাবিবুর রহমান।মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০০৭ সালে বারিধারা প্রকল্প নির্মাণ উপযোগী সব ধরনের অবকাঠামো ও সুযোগসুবিধা-সম্পন্ন আকর্ষণীয় লোকেশনে সীমিতসংখ্যক রেডি প্লট বিশেষ ছাড়ে এককালীন মূল্যে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। বাদী মোহাম্মদ শাহাজাহান ওই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আসামিদের প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি টাওয়ারে অবস্থিত ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রোপার্টির প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি বারিধারা প্রকল্পের ২৩৩ ও ২৩৪ নম্বরের পাঁচ কাঠার দুটি প্লট কিনতে চুক্তিবদ্ধ হন। ২০০৭ সালের ২৫ আগস্ট থেকে ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে বাদী আসামির প্রতিষ্ঠানে প্লট বাবদ দুই কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ২৮৬ টাকা দেন। এর পরও আসামিরা বাদীকে প্লট বুঝিয়ে দেননি। বাদী পরে টাকা ফেরত চাইলে আসামিরা টাকা দিতে অস্বীকৃতি জানান। গত বছরের ৩০ নভেম্বর এ ঘটনা ঘটে।