বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও অর্থ আত্মসাতের আরেকটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।মামলার অন্য আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের পরিচালক শাহাদাত্ সোবহান, ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রোপার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব মোরশেদ হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুল ইসলাম ও এজিএম (এস্টেট) এম এ হাসান।গত বছরের ২৭ ডিসেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর ছেলে শাহাদাত্ সোবহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক সেলিম আহমেদ বাদী হয়ে এ নালিশি মামলা দায়ের করেন।মহানগর হাকিম হাসিবুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে ঘটনার তদন্ত করে ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের আদেশ দেন।মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০০৭ সালে বসুন্ধরা বারিধারা প্রকল্প নির্মাণ উপযোগী সব ধরনের অবকাঠামো ও সুবিধাসম্পন্ন আকর্ষণীয় লোকেশনে সীমিতসংখ্যক রেডি প্লট বিশেষ ছাড়ে এককালীন মূল্যে বিক্রয়ের জন্য বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়। বাদী সেলিম আহমেদ ওই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আসামিদের প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি টাওয়ারে অবস্থিত ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রোপার্টির প্রধান কার্যালয় এবং বারিধারা প্রকল্প বাড্ডা কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি বারিধারা প্রকল্পের ২২৩, ২২৪ ও ২২৫ নম্বরের পাঁচ কাঠার তিনটি প্লট কিনতে চুক্তিবদ্ধ হন এবং আসামি প্রতিষ্ঠান থেকে প্লট বরাদ্দ-সংক্রান্ত দলিল দেন বাদীকে। বাদী তাঁর আরজিতে বলেন, ৭৫ লাখ বুকিং মানি নিয়ে প্লট বরাদ্দ-সংক্রান্ত দলিল গ্রহণ করেন তিনি। এরপর আসামিরা বাদীকে জানান, তিন কোটি টাকা ও রেজিস্ট্রেশন বাবদ খরচ প্রদান না করলে দলিল সম্পাদন করে দেবেন না। ২০০৭ সালের ২৫ আগস্ট থেকে ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে বাদী আসামি প্রতিষ্ঠানে তিন কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা প্রদান করেন। বাদী ২০০৭ সালের ৪ নভেম্বর তিন কোটি টাকা এবং দলিল সম্পাদন খরচ বাবদ ১৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন। কিন্তু প্রতিটি দলিলে বিক্রয়মূল্য ২০ লাখ টাকা দেখানো হয়েছে। এতে তিনটি দলিলে মোট তিন কোটি ১৫ লাখ টাকা কম দেখিয়ে তা নিজেরা আত্মসাত্ করেছেন।আরজিতে আরও বলা হয়, আসামিরা এরপর অতিরিক্ত তিন কোটি টাকা দাবি করেন। বাদী চুক্তি বাতিল করে গত বছরের ৩০ নভেম্বর টাকা ফেরত চান। আসামিরা তা দিতে অস্বীকার করেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে অভিযোগ করতে সাহস পাননি। তাই আদালতে মামলা করলেন।