রাজউকের ১৮ বাড়ি বরাদ্দে দুর্নীতি
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের রিট খারিজ, মামলা চলবে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১৮টি বাড়ি বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ফলে আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চলবে বলে দুদকের আইনজীবী জানিয়েছেন।জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ ১৮টি বাড়ি বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ আকবর সোবহানসহ ২২ জনের বিরুদ্ধে দুদক বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করে। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন আহমেদ আকবর সোবহান। ওই আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল জারি করেন।আজ ওই বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকায় শুনানির জন্য (রিট পিটিশন) মামলাটি ‘আহমেদ আকবর সোবহান বনাম দুদক গং’ শিরোনামে ৩২ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল।যোগাযোগ করা হলে দুদকের আইনজীবী এম এ আজিজ খান বলেন, আদালত রুল ডিসচার্জ করেছেন। অর্থাত্ রিটটি খারিজ। ফলে দুদকের দায়ের করা মামলাটি চলবে। তিনি বলেন, পলাতক ব্যক্তি রিট করতে পারেন না, অনুমোদন যথাযথ হয়েছে এবং মামলা দায়েরের আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। এসব বিবেচনায় আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। মামলাটি বর্তমানে অভিযোগপত্র দেওয়ার পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।