বসুন্ধরা গ্রুপের দুটি পত্রিকাকে প্রেস কাউন্সিলের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও তার সম্পাদককে জড়িয়ে লাগাতার মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে পৃথক মামলা হয়েছে।অভিযোগের জবাব দিতে গত বৃহস্পতিবার পত্রিকা দুটির সম্পাদক ও প্রকাশককে নোটিশ দিয়েছে প্রেস কাউন্সিল। ২৯ মার্চ বেলা ১১টায় প্রেস কাউন্সিলের বিচার কমিটির সামনে তাঁদের হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলা চলার সময় তর্কিত বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ না করার জন্য পত্রিকা দুটিকে নির্দেশ দেওয়া হয়েছে।মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে গত মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের ওই পত্রিকা দুটির সম্পাদক, প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে পৃথক দুটি মামলা করেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম আলো ও তার সম্পাদকের বিরুদ্ধে ধর্ম-অবমাননা, মাইনাস টু ফর্মুলা, গ্রেনেড হামলা, জঙ্গিসম্পৃক্ততা প্রভৃতি বিষয়ে মিথ্যা ও বানোয়াট কিছু প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। একই সময় কালের কণ্ঠ পত্রিকাও প্রায় একই কল্পিত অভিযোগে কিছু প্রতিবেদন ছাপে। এসব অসত্য ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করায় মামলা দুুটি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, প্রতিপক্ষরা সংবাদপত্রকে দুষ্কর্ম, দুর্বৃত্তায়ন, ব্ল্যাকমেইলিংয়ের হাতিয়ার রূপে ব্যবহার করছেন। ফরিয়াদির বিরুদ্ধে লাগাতার উদ্ভট, মানহানিকর ও কাল্পনিক অভিযোগ সৃষ্টি ও প্রকাশ করে তাঁকে জঘন্য তথ্যসন্ত্রাসের শিকারে পরিণত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলানিউজটোয়েন্টিফোরডটকম (অনলাইন পত্রিকা)—এই চারটি প্রতিষ্ঠানই বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন। অকারণে অযৌক্তিকভাবে ফরিয়াদি, তাঁর পত্রিকা, পরিবার-পরিজন এবং পত্রিকাসংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর অপবাদ, কুৎসা রটনায় এরা সমষ্টিগতভাবে লিপ্ত। কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সাংবাদিকতার নীতিমালা ভঙ্গ করে প্রথম আলো ও তার সম্পাদক সম্পর্কে এর আগেও মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় প্রেস কাউন্সিলের রায়ে তাদের ভর্ৎসনা ও সতর্ক করা হয়। ভবিষ্যতে এ রকম কুৎসাপূর্ণ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়। পত্রিকা দুটি তার পরও থামেনি।মামলায় প্রেস কাউন্সিলের রায় উপেক্ষা ও অবজ্ঞা করে বারবার একই অপরাধ সংঘটনের কারণে প্রতিপক্ষদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করা হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের পক্ষে মামলা দুটি উপস্থাপন করেন আইনজীবী খায়রুল ইসলাম, প্রশান্ত কুমার কর্মকার ও আফতাব উদ্দিন ছিদ্দিকী।