ছয় লাখ গাছ উজাড়, থানা মামলা নেয় না
বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে বন বিভাগের মামলা
বন ধ্বংসের জন্য প্রায় সাড়ে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে চট্টগ্রাম বন বিভাগ বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের শীর্ষ কর্মকর্তাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে।চট্টগ্রামের উপকূলীয় বন বিভাগের অভিযোগ, সংশ্লিষ্ট থানায় তিনবার মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি। এ জন্য শেষ পর্যন্ত ১ মার্চ চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করা হয়। মামলাটির নম্বর ৯৯/২০১০।মামলার বিবাদীদের মধ্যে রয়েছেন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোবহান ও নির্বাহী পরিচালক এনামুল গোফরান চৌধুরী।মামলার বাদী উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের বন্দর বিট কর্মকর্তা মোজাফফর আহমদ চৌধুরী প্রথম আলোকে জানান, বসুন্ধরা গ্রুপের লোকজন কর্ণফুলী থানার মাঝেরচর এলাকায় প্রকল্প বাস্তবায়নের নামে বন বিভাগের ২০০ একর জায়গা থেকে দুই লাখ গাছ কেটে ধ্বংস করেছে। এ ছাড়া ঝোপঝাড় লতাগুল্মজাতীয় গাছ কেটেছে আরও চার লাখ। ২০০৬ ও ২০০৭ সালে বেশির ভাগ গাছ কাটা হয়।মুখ্য মহানগর হাকিম হেলাল চৌধুরী মামলাটি গ্রহণ করে তদন্তের পর আগামী ৪ মে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কর্ণফুলী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।আদালতের নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে কর্ণফুলী থানার পুলিশের ওসি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি। আগে কী হয়েছে জানি না। এখন বিষয়টি ভালো করে তদন্ত করব।’বসুন্ধরা গ্রুপ বেসরকারি বন্দর নির্মাণের জন্য কর্ণফুলীর মোহনার কাছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ২৬৪ একর জমি ইজারা নিয়েছিল। তবে বন বিভাগ এ জায়গার বেশির ভাগ অংশের মালিকানার দাবিদার। বাদী তাঁর আরজিতে আদালতকে বলেছেন, গত বছরের ১৮ অক্টোবর থেকে গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা কর্ণফুলী থানায় তিন দফা মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি। পুলিশ মামলা না নিয়ে শুধু অভিযোগ গ্রহণ করে ‘রিসিভড’ সিল দিয়ে তা ফেরত দেয়। এ কারণে বাধ্য হয়ে আদালতের মাধ্যমে মামলা করা হয়েছে। বন কর্মকর্তারা প্রথম আলোকে জানান, গত বছরের ১৮ অক্টোবর নতুন করে বৃক্ষনিধন শুরু হয়। এরপর ১৫ ও ২১ ডিসেম্বর এবং সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি আবার গাছ কাটা হয়েছে।এর আগে দেওয়া বন বিভাগের মামলাগুলো পুলিশ কেন নেয়নি—জানতে চাইলে নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার (ডিসি-পোর্ট) কুসুম দেওয়ান বলেন, ‘এত কিছু হলেও থানা থেকে আমাকে কিছু জানানো হয়নি। কেন এত দিন পুলিশ মামলা নেয়নি, তা আমি খতিয়ে দেখছি।’বন বিভাগের উপকূলীয় অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা খালেক খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ বন বিভাগের জমি অবৈধভাবে দখলে নিয়ে গালপালা কেটে, মাটি ভরাট বা কোথাও গর্ত করে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে। বিষয়টি নিয়ে এ পর্যন্ত আমরা থানায় ১৯টি অভিযোগ দিয়েছি। কিন্তু তারা কোনো অভিযোগেরই সুষ্ঠু তদন্ত করছে না। এ কারণে শেষ আশ্রয়স্থল হিসেবে আদালতের শরণাপন্ন হয়েছি।’আদালত সূত্র জানায়, মোট ১৫ কোটি ৪০ লাখ টাকার দাবির মধ্যে দুই লাখ ঝাউ ও অন্যান্য প্রজাতির গাছ কাটার জন্য গাছপ্রতি ৫০০ টাকা করে প্রায় ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।প্রায় চার লাখ ঝোপঝাড়, লতাগুল্ম, হারগজা কাঁটা, বন ঝাউ, নুইন্যা ঝাউ, উরিঘাস ইত্যাদি ধ্বংসজনিত ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা, বনভূমিতে মাটি কেটে গর্ত তৈরি, বেড়িবাঁধ তৈরি, মাটি ভরাট ইত্যাদির কারণে মাটির ভৌগোলিক অবয়ব বিনষ্টজনিত ক্ষয়ক্ষতি প্রায় এক কোটি টাকা হিসাব করা হয়েছে। এ ছাড়া বন্য ও জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট, অবাধ বিচরণ ও বংশবিস্তারে বাধা সৃষ্টিসহ জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের বিপর্যয়জনিত ক্ষয়ক্ষতি প্রায় চার কোটি টাকা ধরা হয়েছে। বন বিভাগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বিশ্লেষণের ভিত্তিতে এ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানা যায়।এ ব্যাপারে কথা বলার জন্য প্রতিষ্ঠানটির স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে গতকাল রাতে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।