আয়কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের সাজার রায় হয়েছিল। এর বিরুদ্ধে তাঁর করা আপিল মঞ্জুরও করেছিলেন হাইকোর্ট। কিন্তু রাষ্ট্রপক্ষ পুনরায় শুনানির সুযোগ দিতে আরজি জানিয়েছে।গতকাল বুধবার বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। ১৯ জুলাই বিষয়টি আবার তালিকায় আসবে।গতকাল শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আগে হাইকোর্টে যথাযথ শুনানির সুযোগ দেওয়া হয়নি। এখন শুনানির সুযোগ চাই।’ সোবহানের পক্ষের আইনজীবীরা বলেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে রায় ঘোষণার পর পুনরায় শুনানি করার বিধান ফৌজদারি আইন বা হাইকোর্ট বিধিতে নেই।এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি উল্লেখ করেছি। আপিল শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বক্তব্য দেওয়ার সুযোগ পাননি বলে জানান। এ অবস্থায় আমরা আপিলের ওপর পুনরায় শুনানি করতে চাই।’ এ বিষয়ে ১৯ জুলাই সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান তিনি।সোবহানের কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওই মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। তবে রায়ে এখনো সই হয়নি। অ্যাটর্নি জেনারেল মৌখিকভাবে প্রার্থনা রেখেছেন আবার শুনানির জন্য। আদালত আপিলে ফৌজদারি মামলায় এভাবে পুনরায় শুনানির নজির আছে কি না, তা দেখতে সাত দিন সময় দেন। বিষয়টি মঙ্গলবার আবার উল্লেখিত হিসেবে তালিকায় আসবে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়কর ফাঁকির অভিযোগে ২০০৭ সালের ২৫ জুলাই এনবিআর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আসামি করে মামলা করেন। এ মামলায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর এক রায়ে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। রায়ে কোম্পানির চেয়ারম্যান হিসেবে আহমেদ আকবর সোবহানের আট বছরের সাজা হয়।বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আহমেদ আকবর সোবহান। হাইকোর্ট গত ২০ জুন তাঁর আপিল গ্রহণ করেন। মামলা থেকে খালাস পান সোবহান। তবে ওই রায় স্থগিত করতে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এটি বিচারাধীন রয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষ পুনরায় শুনানির জন্য হাইকোর্টে আরজি জানায়। পরে গতকাল বুধবার প্রকাশিত আদালতের কার্যতালিকায় উল্লেখিত হিসেবে আসে এবং দুপুরে শুনানি হয়।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশারফ হোসেন সরদার এবং সোবহানের পক্ষে আইনজীবী রফিক-উল হক, আনিসুল হক ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন।শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রায়ে এখনো স্বাক্ষর হয়নি। সই হওয়ার আগে আদালত শুনতে পারেন এমন উদাহরণ আছে। হাইকোর্ট যদি কোনো রায় দেন, তা স্বাক্ষরের আগে প্রত্যাহারের সুযোগ আছে। আপিলের শুনানিকালে আমাদের সুযোগ দেওয়া হয়নি। আমরা শুনানির সুযোগ চাই।’ তিনি আরও বলেন, ‘এতে রাষ্ট্রের স্বার্থ আছে। এই রায়ের উদাহরণ দিয়ে অন্যরা সুযোগ নেবে, এ জন্যই আমাদের আরজি।’রফিক-উল হক বলেন, ‘দেশে এমন কোনো আইন নেই যে রায় হওয়ার পর আবার শুনানি হবে। এ ক্ষেত্রে পুনর্বিবেচনা (রিভিউ) করার সুযোগ নেই। সপ্তম, ত্রয়োদশ সংশোধনীর রায় স্বাক্ষর করেননি। বিচারপতি অবসরে চলে গেছেন। এগুলো কি পুনরায় শুনানির সুযোগ আছে? দেওয়ানি, ফৌজদারি কার্যবিধি বা হাইকোর্ট রুলসে এ সুযোগ নেই। মামলায় রায়ই যদি না হয়, তাহলে ওনারা (রাষ্ট্রপক্ষ) আপিল বিভাগে গেলেন কীভাবে?’