বসুন্ধরা পেপার মিলসকে ৪৩ লাখ টাকা জরিমানা
মুন্সিগঞ্জের গজারিয়ায় দূষিত বর্জ্য ফেলে মেঘনা নদী দূষণের দায়ে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে (ইউনিট-৩) ৪২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) থাকা সত্ত্বেও তা বন্ধ রেখে বিকল্প নালা দিয়ে কারখানার তরল বর্জ্য ফেলায় এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ ও গবেষণাগারের যৌথ দল গত ১৭ অক্টোবর ও ৩ ডিসেম্বর মেঘনা নদীর তীরে অবস্থিত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (ইউনিট-৩) কারখানাটি আকস্মিক পরিদর্শন করে। দলের সদস্যরা দেখতে পান, কারখানাটিতে ইটিপি থাকা সত্ত্বেও তরল বর্জ্য বিকল্প নালা (বাইপাস ড্রেন) দিয়ে মেঘনা নদীতে ফেলা হচ্ছে। ওই নালা থেকে তরল বর্জ্যের নমুনা পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণ করে সিওডি ৪১৫০ মি.গ্রা./ লি. পাওয়া যায় (আদর্শ মাত্রা ২০০ মি. গ্রা./ লি.), যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়া দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় আদর্শ মান মাত্রার কম। দূষণের ওই ঘটনা উদ্ঘাটনের পর কারখানা কর্তৃপক্ষকে গতকাল বুধবার মোহাম্মদ মুনীর চৌধুরী পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তলব করেন। তিনি পরিবেশের ক্ষতিপূরণ বাবদ বসুন্ধরা পেপার মিলসকে ৪২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। আগামী এক মাসের মধ্যে তরল বর্জ্য শোধনাগারের ত্রুটি দূর এবং অবিলম্বে বিকল্প নালা বন্ধের নির্দেশ দেন। সূত্রমতে, দীর্ঘ এক ঘণ্টার শুনানিকালে উপস্থিত বসুন্ধরা পেপার মিলসের দুজন পদস্থ কর্মকর্তা মো. শাহদাত হোসেন ও সাদ তানভীর অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগকে জানান, ইতিমধ্যে বাইপাস লাইনটি বন্ধ করা হয়েছে। তাঁরা বলেন, পরিবেশদূষণের এ ঘটনা আকস্মিক। তাঁরা আবার কারখানা পরিদর্শন এবং জরিমানা মওকুফের অনুরোধ জানান। মুনীর চৌধুরী জানান, পরপর দুই দফা দূষণের ঘটনা উদ্ঘাটনে প্রমাণিত হয়, কারখানা কর্তৃপক্ষ পরিবেশ রক্ষায় উদাসীন এবং তাদের ইটিপি ত্রুটিপূর্ণ। সুতরাং, দূষণের এ দায় বসুন্ধরা পেপার মিলসকে বহন করতে হবে। এর আগে গত বছরের ২৮ এপ্রিল এবং ২৫ সেপ্টেম্বর পরিবেশদূষণ ঘটানো ও পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গের জন্য বসুন্ধরা পেপার মিলসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। কারণ দর্শানোর জবাবে কারখানা কর্তৃপক্ষ ওই সময় দূষণের জন্য দুঃখ প্রকাশ করেছিল। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এ কারখানা থেকে নিঃসৃত তরল বর্জ্য স্থানীয় খালের মাধ্যমে মেঘনা নদীতে পতিত হচ্ছে, যা মেঘনা নদীর পানি, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।