বসুন্ধরা রিভারভিউপ্রকল্পের বিলবোর্ড উচ্ছেদ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানকারী দল গতকাল বুধবার বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের দুটি বিলবোর্ড উচ্ছেদ করেছে। এক প্লাটুন পুলিশের সহায়তায় উচ্ছেদকাজে রাজউকের শ্রমিকেরা অংশ নেন।কেরানীগঞ্জের হাসনাবাদে রিভারভিউ প্রকল্প এলাকায় গতকাল বেলা পৌনে দুইটার দিকে রাজউকের অভিযানকারী দল পৌঁছায়। তারা হাসনাবাদ হাসপাতালের সামনের সড়কে প্রকল্পের প্রবেশপথের মূল বৈদ্যুতিক বিলবোর্ড ভাঙার উদ্যোগ নেয়। বিলবোর্ডে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে মূল সঞ্চালন লাইন থেকে। ফলে রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া এবং অথরাইজ কর্মকর্তা আমিনুর রহমান পার্শ্ববর্তী পল্লী বিদ্যুতের কার্যালয়ে গিয়ে সাময়িকভাবে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রাখার ব্যবস্থা করেন। এর মধ্যে বসুন্ধরা গ্রুপের গাড়িচালক পরিচয়দানকারী মো. রফিক অভিযানে অংশ নেওয়া শ্রমিকদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এখানে কোনো উচ্ছেদকাজ চালানো যাবে না। আমাদের কাছে কোর্টের অর্ডার আছে।’ ম্যাজিস্ট্রেট এবং অথরাইজ কর্মকর্তা ঘটনাস্থলে ফিরে এলে রিভারভিউ প্রকল্পের কর্মকর্তা পরিচয়দানকারী আবদুল জব্বার খান হাইকোর্টের একটি স্থগিতাদেশের ফটোকপি দেখান। তাতে উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশ দেওয়া থাকলেও ম্যাজিস্ট্রেট পরীক্ষা করে জানান, এর মেয়াদ ২০০৭ সালে শেষ হয়ে গেছে। আর অভিযান চলছে চলতি মাসে দেওয়া হাইকোর্টের আদেশের ভিত্তিতে।শ্রমিকেরা বিলবোর্ড নামানোর কাজ শুরু করলে আবার বসুন্ধরার গাড়িচালক রফিক ২০-২৫ জন লোক নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় রাস্তার দুই পাশে তিন শতাধিক সাধারণ মানুষ জড়ো হয়ে অভিযান প্রত্যক্ষ করে। একপর্যায়ে আবদুল জব্বার খান ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর মোবাইল ফোন এগিয়ে দিয়ে বলেন, ‘স্যার কথা বলবেন।’ কোন স্যার—জানতে চাইলে জব্বার বলেন, রিভারভিউ প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট প্রপার্টিজ (প্রা.) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তৌহিদুল ইসলাম। ম্যাজিস্ট্রেট ডিএমডিকে ফোনে বলেন, ‘আমরা হাইকোর্টের রায় অমান্য করতে পারব না।’উচ্ছেদ চলাকালে আবদুল জব্বার খান ও বসুন্ধরার আরেক কর্মকর্তা খতিবুর রহমান ম্যাজিস্ট্রেটের কাছে সাদা কাগজে যৌথ সই দিয়ে একটি দরখাস্ত দেন। দরখাস্তে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের বিলবোর্ড অপসারণ বন্ধ করা এবং কর্তৃপক্ষকে সময় দেওয়ার অনুরোধ জানানো হয়। ম্যাজিস্ট্রেট মৌখিকভাবে তাতে অসম্মতি জানান।এরপর পাঁচতলা একটি গার্মেন্টস ভবনের ছাদে স্থাপিত বসুন্ধরার আরেকটি বিলবোর্ড নামানোর কাজ শুরু করেন শ্রমিকেরা। কিন্তু বৃষ্টির কারণে বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযান অসমাপ্ত রেখে রাজউক ফেরত আসে। আজ বৃহস্পতিবার আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে রাজউকের কর্মকর্তারা জানান। রিভারভিউর বিলবোর্ড উচ্ছেদের সময় গতকাল কয়েকজন ক্রেতাও ঘটনাস্থলে উপস্থিত হন। আজাদ হোসেন নামের একজন জানান, তাঁর ভাই ও ভগ্নিপতি বছর খানেক আগে আড়াই কাঠার দুটি প্লট কিনেছেন। আজাদ হোসেন রাজউকের কর্মকর্তাদের কাছে জানতে চান, প্রকল্পের স্থাপনাগুলোও ভাঙা হবে কি না? প্রকল্পটি বাতিল হয়ে যেতে পারে কি না? সে রকম হলে ক্রেতাদের করণীয় কী, তাও জানতে চান তিনি। রাজউক সূত্র জানায়, রাজউকের অনুমোদন না থাকলেও বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের প্লট বিক্রি এবং বিলবোর্ড-সাইনবোর্ড প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার অব্যাহত আছে। ৮ জুন হাইকোর্ট অননুমোদিত আবাসন কোম্পানি ও প্রকল্পগুলো যাতে কোনো প্লট বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেন রাজউককে। আদালত অননুমোদিত প্লট-ফ্ল্যাট বিক্রির জন্য প্রচারিত সব বিজ্ঞাপন বন্ধ করা এবং এ-সংক্রান্ত সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ করার নির্দেশও দেন। পাশাপাশি অবৈধভাবে মাটি ভরাটকাজ অব্যাহত রাখা প্রকল্পগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। সে অনুযায়ী ২১ জুন উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক।অন্য প্রকল্প: বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের বিলবোর্ড উচ্ছেদের আগে রাজউকের অভিযানকারী দল দক্ষিণ কেরানীগঞ্জে নাজিরের বাজার এলাকায় রাজউকের ঝিলমিল প্রকল্পের পাশে সবুজছায়া প্রকল্পের পাঁচটি ও ব্যক্তি-মালিকানার একটি সাইনবোর্ড উচ্ছেদ করে।গতকালের অভিযানে অন্যান্যের মধ্যে রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ মুর্শেদা বানু ও সহকারী কর্মকর্তা সাগুফতা শারমিন অংশ নেন।