পারকি সমুদ্রসৈকতের পাশ থেকে বেআইনিভাবে বালু তুলে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস করা হচ্ছে। এ জন্য বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল বুধবার বিকেলে এ নোটিশ দেন। নোটিশটি বসুন্ধরা গ্রুপের ঢাকার কেন্দ্রীয় কার্যালয় এবং চট্টগ্রাম কার্যালয়ে আলাদাভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এর অনুলিপি দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে।ড্রেজার প্রত্যাহার: বন্দর সূত্র জানায়, পারকি সমুদ্রসৈকতের পাশ থেকে অননুমোদিত বালু তোলার কাজে নিয়োজিত বসুন্ধরা গ্রুপের একটি ড্রেজার গতকাল ভোরে সরিয়ে নেওয়া হয়েছে। এটিকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় থেকে টাগবোট দিয়ে টেনে উত্তর পাড়ের ১৫ নম্বর ঘাট এলাকায় এনে রাখা হয়েছে।ড্রেজার সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সদস্য (প্রশাসন) ও সরকারের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘তারা ড্রেজার না সরালে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে সেটা জব্দ করাতাম। কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে আমাদের হুমকিও দেওয়া হয়।’ কারণ দর্শাও নোটিশের অনুলিপি পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের প্রতিবেদনে বলা হয়, বসুন্ধরা গ্রুপের এই ড্রেজার দিয়ে এলাকায় ব্যাপক বালু উত্তোলনের কারণে পারকি সমুদ্রসৈকত ঝুঁকির মধ্যে পড়েছে। সৈকতের ১৯২ একর জমি দু-তিন ফুট দেবে গেছে। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।নোটিশ: বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে দেওয়া পরিবেশ অধিদপ্তরের কারণ দর্শাও নোটিশে বলা হয়, ‘আপনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতসংলগ্ন সমুদ্র এলাকা থেকে বেআইনিভাবে বালু উত্তোলন করছেন। পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ ছাড়া সমুদ্র থেকে এভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রতিবেশের জন্য ক্ষতিকর।’নোটিশে বলা হয়, অবৈধভাবে বালু উত্তোলন ছাড়াও পারকি সৈকতসংলগ্ন বনভূমিরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নামের প্রতিষ্ঠানের জন্য পারকি সৈকতের অদূরে নিচু জমিও ভরাট করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়া যেকোনো প্রকল্প এলাকার ভূমি উন্নয়ন কাজও বেআইনি।এসব কার্যকলাপ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত, ২০১০) অনুযায়ী শাস্তিযোগ্য এবং একই আইনের ৭ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ আদায়যোগ্য অপরাধ। নোটিশে এ কথা উল্লেখ করে বলা হয়, এ অবস্থায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত, ২০১০) মোতাবেক কেন ক্ষতিপূরণ আদায়, অবৈধ বালু উত্তোলন ও ভূমি উন্নয়নকাজ বন্ধ এবং মামলা দায়ের করা হবে না, তা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে জানাতে হবে। নইলে একতরফা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রধানকে ডেকেছি। তিনি কিংবা তাঁর প্রতিনিধি যথাসময়ে উপস্থিত না হলে একতরফা ব্যবস্থা নেওয়া হবে।’