বসুন্ধরাকে কারণ দর্শানোর নোটিশ
আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতের পাশ থেকে অননুমোদিত বালু তোলার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসকারী কার্যকলাপের জন্য বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী আজ বুধবার বিকেলে এই নোটিশ দেন। নোটিশটি বসুন্ধরা গ্রুপের ঢাকার কেন্দ্রীয় কার্যালয় এবং চট্টগ্রাম কার্যালয়ে আলাদাভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এই নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে।উল্লেখ্য, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।ড্রেজার প্রত্যাহার: চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, পারকি সমুদ্রসৈকতের পাশের নদী থেকে অনুমোদিত বালু তোলায় নিয়োজিত বসুন্ধরা গ্রুপের একটি ড্রেজার (বালু উত্তোলনকারী বিশেষ যন্ত্র) আজ ভোরে সরিয়ে নেওয়া হয়। এটিকে কর্ণফুলী নদীর দক্ষিণ পার থেকে টাগ বোট দিয়ে টেনে উত্তরপাড়ের ১৫ নম্বর ঘাট এলাকায় এনে রাখা হয়েছে।পারকি সৈকত এলাকা থেকে আজ ড্রেজার সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সদস্য (প্রশাসন) মো. নজরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘তারা ড্রেজার না সরালে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে সেটা জব্দ করতাম।’ বসুন্ধরাকে দেওয়া পরিবেশ অধিদপ্তরের কারণ দর্শাও নোটিশের অনুলিপি পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ মুনির চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রধানকে ডেকেছি। তিনি কিংবা তাঁর প্রতিনিধি যথাসময়ে উপস্থিত না হলে একতরফা ব্যবস্থা নেওয়া হবে।’