প্রথম আলোর স্বত্বাধিকারী মিডিয়াস্টার লিমিটেড এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান এবং প্রথম আলোর সম্পাদক, প্রকাশক মতিউর রহমানের দায়ের করা ২০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলায় বসুন্ধরা গ্রুপকে আগামী ২২ এপ্রিল জবাব দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বসুন্ধরার পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ এ তারিখ নির্ধারণ করেন।গতকাল এ মামলায় বসুন্ধরা গ্রুপের পক্ষে জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। বসুন্ধরা গ্রুপের পক্ষে আইনজীবী জবাব প্রস্তুত করতে না পারায় সময়ের আবেদন করেন। আদালত বিবাদীপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে জবাব দাখিলের তারিখ নির্ধারণ করেন।গত বছরের ২২ নভেম্বর ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মানহানিকর ও কুত্সাপূর্ণ বিজ্ঞাপন প্রকাশ এবং অন্যান্য অপতত্পরতার অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়। আদালত বিবাদীদের প্রতি সমন জারি করেন।গত ২৭ জানুয়ারি বসুন্ধরা গ্রুপের পক্ষে আইনজীবী মিজান সাঈদ ওকালতনামা দাখিল করে জবাব দেওয়ার জন্য সময়ের আবেদন করলে আদালত গতকাল জবাব দাখিলের দিন ধার্য করেছিলেন। গতকাল জবাব প্রস্তুত করতে না পারায় বসুন্ধরার পক্ষে সময়ের আবেদন করা হয়।বিবাদীরা হলেন বসুন্ধরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, বসুন্ধরার চেয়ারম্যানের কারিগরিবিষয়ক উপদেষ্টা লতিফুল আবেদিন হোসেন, বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর (অব.) জাহিদুর রহমান এবং জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত বসুন্ধরা গ্রুপের ১১টি কোম্পানি।আরজিতে বলা হয়, বাদীদের কষ্টার্জিত সুনাম ও সুখ্যাতি নষ্ট করতে গত ১৩ অক্টোবর থেকে বিবাদীরা সুপরিকল্পিতভাবে নানা ধরনের অপতত্পরতা চালিয়েছেন। ১৩ মার্চ ২০০৯ বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করে। অথচ বিবাদীরা বসুন্ধরার পক্ষে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কাল্পনিক অভিযোগ এনে থানায় জিডি দায়ের এবং জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ছাপিয়ে দেশে-বিদেশে বাদীদের (মতিউর রহমান ও লতিফুর রহমান) ভাবমূর্তি ও মর্যাদায় কলঙ্ক লেপনের চেষ্টা করেছেন। বসুন্ধরার চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি তা গ্রহণ না করে বিদ্বেষ ও কুত্সাপূর্ণ অপতত্পরতা চালিয়েছেন। আরজিতে এসব কারণ দেখিয়ে মতিউর রহমান ও লতিফুর রহমান উভয়ের জন্য সমহারে বিশেষ ক্ষতিপূরণ বাবদ ১২৫ কোটি টাকা এবং গুরুতর ক্ষতিপূরণ বাবদ আরও ৭৫ কোটি টাকা আদালতের মাধ্যম উশুল করার দাবি জানানো হয়।