জোর করে জমি ভরাট, ভয়ভীতি প্রদর্শন, জমির সীমানার খুঁটি চুরি, প্লট হস্তান্তর নিয়ে চুক্তির মাধ্যমে প্রতারণা করে আর্থিক ক্ষতি, সাব্বির হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেওয়া ও মানিক হত্যার অভিযোগে দায়ের করা সাতটি মামলার একটিতেও আগাম জামিন পাননি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম। আদালত তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহ আলম হাইকোর্টে হাজির হয়ে সাত মামলায় আইনজীবীর মাধ্যমে পৃথক জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে আগামী আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আদেশ প্রসঙ্গে সরকারপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রথম আলোকে বলেন, সাতটি মামলায় আগাম জামিনের আবেদন করা হয়। পাঁচটিতে বসুন্ধরার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপর দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়নি। অভিযোগপত্র দাখিল না হলেও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে হাইকোর্ট তাঁকে আগাম জামিন না দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। আইনানুযায়ী অভিযোগপত্র দাখিলের পর আগাম জামিনের সুযোগ নেই বলে তিনি জানান।শাহ আলমের আইনজীবী মো. মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, সাত মামলায় আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বসুন্ধরার চেয়ারম্যানকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে তাঁকে হয়রানি বা গ্রেপ্তার না করতেও বলা হয়েছে।সাত মামলায় ১৯ মে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহ আলম। গতকাল সকালে এসব আবেদনের ওপর শুনানি হয়। তাঁর পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস, মেহেদী হাসান চৌধুরী ও জিয়াউল হাসান মামলা পরিচালনা করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।শুনানিতে শাহ আলমের আইনজীবী বলেন, মামলাগুলোতে অভিযোগের উপাদান নেই। তাঁকে হয়রানির জন্য এসব মামলা করা হয়। সাব্বির হত্যার ঘটনায় করা মামলার অপর আসামিরা জামিনে আছেন। তাই তিনি জামিন পেতে পারেন। আদালতে সরকারপক্ষ জামিনের বিরোধিতা করে। এরপর আদালত আদেশ দেন। সাত মামলা: শাহ আলমের বিরুদ্ধে করা সাতটি মামলার মধ্যে বাড্ডা থানায় রয়েছে ছয়টি। অপরটি রমনা থানায়। মামলাগুলো হচ্ছে—এক. মাটি ভরাট করে জমি দখলকে কেন্দ্র করে বাড্ডার আমদিয়ারটেকে মানিক হত্যার অভিযোগে একটি। ২০০৬ সালের ১৭ নভেম্বর নিহতের ভাই রতন চন্দ্র সরকার বাড্ডা থানায় এ মামলাটি করেন। এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।দুই. সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ২০০৮ সালের ৮ মে রমনা থানায় মামলা করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আরমান আলী। এ মামলায় এখনো অভিযোগপত্র হয়নি।তিন. জমি দখল ও বসুন্ধরার কার্যালয়ে নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০০৭ সালের ২৫ এপ্রিল বাড্ডা থানায় মামলা করেন গাজী ওবায়দুল কবির। ওই বছরের ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল হয়। ১৩ জুন নিম্ন আদালতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।চার. বসুন্ধরার বি ব্লকের দুটি প্লট হস্তান্তর নিয়ে চুক্তির মাধ্যমে প্রতারণা করে আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ১৮ মার্চ বাড্ডা থানায় মামলা করেন এম এ মালেক। ওই বছরের ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়।পাঁচ. জমির ৩০টি সীমানা পিলার চুরি করে বালু ভরাটের মাধ্যমে জমি দখলের অভিযোগ এনে ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা থানায় মামলা করেন নৌবাহিনীর কমান্ডার কাজী সারোয়ার হোসেন। ২ আগস্ট এ মামলায় শাহ আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ৫ জুলাই সাক্ষ্য গ্রহণের কথা। ছয়. সরকারি মালিকানাধীন গুরুত্বপূর্ণ খাল ও জলাশয় দখল করে ভরাটের অভিযোগে প্রাকৃতিক জলাধার আইনে ২০০৭ সালের ৭ জুন শাহ আলমের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন ডিবির পরিদর্শক সালাউদ্দিন। ২০০৮ সালের ১৫ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। সাত. জমির ৪২টি সীমানা পিলার চুরি, মাটি ভরাট ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা থানায় মামলাটি করেন হাজেরা পারভীন। এ সাতটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান গতকাল হাইকোর্টে হাজির হয়ে জামিন চান।