বসুন্ধরার চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে জমি কিনে তা ডেভেলপমেন্ট কোম্পানিকে দেওয়ার অভিযোগে করা একটি মামলায় ইস্ট-ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আকবর সোবহানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান এ আদেশ দেন। একই সঙ্গে তিনি আগামী ৮ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন তারিখ ধার্য করেছেন। গত ৭ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুমলিভিটা গ্রামের আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ বাদী হয়ে ঢাকার বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।অন্য আসামিরা হলেন—দক্ষিণ কেরানীগঞ্জ থানার দলিল লেখক আবুল হোসেন, মোফাজ্জেল হোসেন, দলিলের সাক্ষী মো. লিটন, শেখ ফরিদ, আক্তার হোসেন ও আনিছ এবং এ কাজে সহায়তাকারী আবদুল করিম, সামশুদ্দিন ও রহিম মিয়া।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনার তদন্ত করে ২৯ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, অভিযোগে বর্ণিত আসামি লিটন বাদী আবেদ আলীর পরিবর্তে অন্য ব্যক্তিকে দাঁড় করিয়ে জাল দলিল তৈরির মাধ্যমে জমি বিক্রি করেন এবং বাদীকে হুমকি দেন। আকবর সোবহান এসব জেনেও ওই জমি কিনে তা ডেভেলপমেন্ট কোম্পানির কাছে দিয়ে দেন। তদন্ত ও সাক্ষ্য প্রমাণে বাদীর অভিযোগ সত্য বলে প্রতীয়মান হয়। অভিযোগে সত্যতা পেয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়।