বসুন্ধরার দখলে থাকা ৩৪৮ একর জমি নিল পিডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে বসুন্ধরা গ্রুপের ইজারা নেওয়া ৩৪৮ দশমিক ৩৭ একর জায়গা অধিগ্রহণ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গত বৃহস্পতিবার সকাল থেকে টানা সন্ধ্যা পর্যন্ত এই অধিগ্রহণ প্রক্রিয়া চলে। এই ভূমি পাঁচ বছর ধরে বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের দখলে ছিল। পিডিবি সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে পিডিবি ওই জায়গার পাশে ২৪৬ দশমিক ৯৯ একর জায়গা অধিগ্রহণ করেছিল। সেখানেও বসুন্ধরার ৩৩ একরের বেশি জায়গা দখলে ছিল। এ নিয়ে কর্ণফুলীর মোহনায় মোট ৫৯৫ দশমিক ৩৬ একর জায়গা অধিগ্রহণ করল পিডিবি। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, এখানে সরকার এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। অধিগ্রহণ করা পুরো জায়গা হবে ওই প্রকল্পের কয়লা মজুদকেন্দ্র। প্ল্যান্ট বসানোর জন্য পাশের একটি জায়গা অধিগ্রহণ করা হবে। বৃহস্পতিবার বিকেলেই চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে পিডিবিকে দখল বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী হাকিম আবদুল্লাহ আরিফ মোহাম্মদ প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াসকে এ দখল বুঝিয়ে দেন। এ সময় সেখানে পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার অধিগ্রহণ করা জায়গায় গিয়ে দেখা যায়, প্রাকৃতিক বন ও ঝাউগাছ কেটে বেশির ভাগ জমিই ভরাট করেছে বসুন্ধরা গ্রুপ। এরপর পূর্ব ও দক্ষিণ দিকে সীমানা দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে। পিডিবির পক্ষে দখল নেওয়ার পর পুলিশ ওই নির্মাণকাজ বন্ধ করে দেয়। এ ছাড়া এক ঘণ্টার মধ্যেই সেখানে থাকা সব ধরনের অবকাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পুলিশের নির্দেশের পর ওই নির্মাণকাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। দুপুরের আগেই পিডিবি ওই জায়গায় নিজেদের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এরপর সেখান থেকে বসুন্ধরার পক্ষে জায়গা পাহারায় নিয়োজিত ২৯ জন আনসারকেও সরিয়ে দেওয়া হয়।জায়গাটি বুঝে নেওয়ার সময় সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ৯৫ জন পুলিশ মোতায়েন করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহানগর থেকে ৮৫ জন পুলিশ সদস্য আনা হয়। আর কর্ণফুলী থানা ও ফাঁড়ি থেকে আনা হয় আরও ১০ জন। তবে শেষ পর্যন্ত কোনো ধরনের অঘটন ছাড়াই জায়গাটি অধিগ্রহণ করা সম্ভব হয়েছে। ঘটনার পরপরই বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এনামুল গোফরান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এখন ঢাকায় আছি, পরে কথা বলব।’ গতকাল শুক্রবার বিকেলে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখন আপনাদের সঙ্গে কোনো কথা বলতে পারব না।’ এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০০৬ সালের ৪ এপ্রিল কর্ণফুলী নদীর মোহনায় ২৬৪ একর জায়গা বসুন্ধরার অঙ্গ প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডকে মোট ৫০ বছরের জন্য ইজারা দেয়। প্রথমে ৩০ বছর এবং পরে আরও ২০ বছরের জন্য নবায়নযোগ্য চুক্তিতে বন্দরের তৎকালীন চেয়ারম্যান শাহাদাত হোসেন ও সায়েম সোবহান স্বাক্ষর করেন। ২০০৬ সালের ২২ জুন বন্দর কর্তৃপক্ষ ও ইজারাগ্রহীতা প্রতিষ্ঠানের যৌথ জরিপের মাধ্যমে ২৬৪ একর জায়গা বুঝিয়ে দেওয়া হয়। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ওই জায়গার মালিকানা দাবি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে দাবি করা হয়, নদী ভরাট হয়ে জেগে ওঠা যেকোনো খাসজমির মালিক জেলা প্রশাসক। সেই মালিকানার ভিত্তিতেই সরকার ওই জায়গা পিডিবিকে হস্তান্তর করেছে বলে পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার জানান। সরেজমিন ওই এলাকা পরিদর্শন করে দেখা যায়, কর্ণফুলী নদীর মোহনার দক্ষিণ পাশ এবং বঙ্গোপসাগরের কূল ঘেঁষে ওই জায়গার চারপাশেই সরকারি প্রাকৃতিক বন। গত ছয় বছরে এখানকার গাছ কেটে নিচু জায়গা ১২ থেকে ১৫ ফুট উচ্চতায় ভরাট করা হয়েছে। খননযন্ত্র ব্যবহার করে বঙ্গোপসাগর থেকে বালু তুলে এ জায়গা ভরাট করা হয়। বেশির ভাগ এলাকার ভরাট কাজ শেষ হলেও সেখানে রয়ে গেছে বসুন্ধরার সিলযুক্ত বিশাল ও দীর্ঘ পাইপ। বসুন্ধরার বালু ভরাটের ঠিকাদারি নেওয়া প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, ‘গত ছয় বছরে আমরা ১১ কোটি ঘনফুট বালু ফেলেছি এ জায়গায়। পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠান সাড়ে তিন কোটি ঘনফুট বালু ফেলে। দুই বছর ধরে বসুন্ধরা গ্রুপ নিজেরাই দুটি অত্যাধুনিক খননযন্ত্র এনে আরও সাত কোটি ৬৪ লাখ ঘনফুট বালু ভরাট করে।’ বর্তমানে পুরো জায়গার প্রায় ৭৫ শতাংশ এলাকা ভরাট হয়ে গেছে বলে জানান তিনি।