বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন গতকাল (১০ মে, ২০১০) যথাক্রমে ‘হোতা তাজউদ্দিনকে বাঁচাতে চেয়েছিলেন মতিউর রহমান!’ এবং ‘প্রথম আলো সম্পাদক ও মাওলানা তাজের সম্পর্ক স্বীকার করলেন সালাম পিন্টু’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই দুই প্রতিবেদনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিনিধি টিপু সুলতানকে জড়িয়ে যা কিছু ছাপা হয়েছে, তা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রথম আলো ওই মিথ্যা খবর প্রত্যাখ্যান করছে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।কালের কণ্ঠ তাদের প্রতিবেদনে দাবি করেছে, ‘গত ২৯ এপ্রিল গোয়েন্দা পুলিশ তাঁকে (আবদুস সালাম পিন্টু) জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করে।’ গোয়েন্দা পুলিশ ডিবি নামে সমধিক পরিচিত। কিন্তু ২১ আগস্ট মামলাটি তদন্ত করছে সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ)। এই মামলার সঙ্গে ডিবির কোনো সংশ্লিষ্টতা নেই। ফলে কালের কণ্ঠ-এর প্রতিবেদনের ভিত্তিই অসত্য। একই দিনে, একই বিষয়ে একই মালিকের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন-এর খবরে দাবি করা হয়, পিন্টু সিআইডির কাছে জবানবন্দি দিয়েছেন। দাবি করা তথ্যের মূল সূত্র নিয়ে তাদের এই দুই ধরনের তথ্যই প্রমাণ করে প্রতিবেদন দুটি সাজানো ও মিথ্যা। তবে বসুন্ধরা গ্রুপের এ দুটি পত্রিকায় প্রকাশিত খবরটি নিছক প্রথম আলোর বিরুদ্ধে হিংসাত্মক তৎপরতা নয়। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর থেকেই এ ঘটনার তদন্তের বিষয়ে প্রথম আলো ধারাবাহিকভাবে অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে ‘জজ মিয়া গল্পের’ অবতারণা করে এ মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হলে প্রথম আলোতেই প্রথম জজ মিয়ার জবানবন্দিকে আষাঢ়ে গল্প বলে আখ্যায়িত করে প্রতিবেদন এবং এ নিয়ে কার্টুন প্রকাশ করা হয়। ছয় বছর ধরেই নৃশংস এই গ্রেনেড হামলার তদন্তের প্রতিটি দিক প্রথম আলো সংবাদপত্রের দায়িত্ব হিসেবে পর্যবেক্ষণ করে আসছে। প্রথম আলোই অনুসন্ধান করে প্রথম প্রকাশ করেছে, এ হামলার সঙ্গে উগ্র জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ জড়িত। সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ছোট ভাই মাওলানা তাজউদ্দিন যে এ হামলার জন্য গ্রেনেড সরবরাহ করেছিল, সেটাও তদন্তের সূত্র উল্লেখ করে প্রথম প্রকাশ করে প্রথম আলো। এমনকি আবদুস সালাম পিন্টুর সরকারি বাসায় হামলার পরিকল্পনায় জঙ্গিরা বৈঠক করেছিল, সে খবরও প্রথম আলো সবার আগে প্রকাশ করে।গত ছয় বছরে বিভিন্ন সময়ে ২১ আগস্ট মামলাটির তদন্ত নিয়ে অনেক টানাহেঁচড়া হয়েছে। যতবারই তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছে, প্রতিবারই দায়িত্বশীল সংবাদপত্র হিসেবে প্রথম আলো তা ফাঁস করেছে। প্রথম আলো সম্পাদক মন্তব্য প্রতিবেদন লিখে প্রকৃত আসামিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন এবং তদন্তের নামে জোট সরকারের প্রহসনের নিন্দা করেছেন।গতকাল বসুন্ধরা গ্রুপের দুটি পত্রিকায় যে বানোয়াট খবর প্রকাশ করা হয়েছে, সেটা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তকে বাধাগ্রস্ত করার আরেকটি অপচেষ্টা, চক্রান্ত। কারণ এ মামলা ক্ষতিগ্রস্ত হলে মূলত লাভবান হবে উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষক মহলগুলো। এই গোষ্ঠীটি এ পর্যন্ত তদন্ত ভিন্ন খাতে নেওয়ার ক্ষেত্রে প্রথম আলোকে বড় বাধা মনে করে আসছে। প্রথম আলোকে আঘাত করে মূলত ওই অপশক্তিকে লাভবান করার জন্য বসুন্ধরার মালিকানাধীন পত্রিকা দুটি একযোগে বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে। যে অপশক্তি গ্রেনেড হামলা চালিয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে সম্পূর্ণ নেতৃত্বশূন্য করতে চেয়েছিল, এটা তাদের রক্ষার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বানোয়াট ওই প্রতিবেদনের দাবি মতে, মাওলানা তাজউদ্দিনের সঙ্গে প্রথম আলো কার্যালয়ে কখনো কারও বৈঠক হয়নি। আবদুস সালাম পিন্টু ও তাজউদ্দিনের সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বা সাংবাদিক টিপু সুলতানের ঘনিষ্ঠ সম্পর্কের দাবিও মনগড়া, কল্পনাপ্রসূত। ‘তাজউদ্দিন টিপুর মাধ্যমে প্রায় মতিউর রহমানের সাথে সাক্ষাৎ করতো’—তথাকথিত জবানবন্দির বরাতে দেওয়া ওই বিবরণ নির্জলা মিথ্যা ও বানোয়াট। পেশাদার সাংবাদিক হিসেবে টিপু সুলতান বিভিন্ন সময়ে একুশে আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত আবদুস সালাম পিন্টু ও তাজউদ্দিনের সংশ্লিষ্টতার বিষয়ে প্রতিবেদন তৈরির সময় সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী তাঁদের বক্তব্য নিয়েছেন। যা প্রথম আলোতে যথারীতি ছাপাও হয়েছে। আবদুস সালাম পিন্টু কিংবা তাজউদ্দিনের প্রথম আলো কার্যালয়ে আসার প্রশ্নই আসে না। প্রথম আলো কার্যালয় কিংবা বাইরে অন্য কোথাও কখনোই মতিউর রহমানের সঙ্গে তাঁদের কোনো সাক্ষাৎ হয়নি, কিংবা কোনো মাধ্যমে কখনো কোনো কথাও হয়নি।দুই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বিএনপিকে সহায়তা দিতে একটি রাজনৈতিক দল গঠন, ডিজিএফআইয়ের মদদ এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিষয়ে তাজউদ্দিনকে সতর্ক করে দেওয়ার কথাও সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। প্রথম আলোর ওপর বসুন্ধরা গ্রুপের আঘাত এই প্রথম নয়। তাদের মালিকানায় প্রকাশিত পত্রিকা দুটি শুরু থেকেই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এর স্বত্বাধিকারী কোম্পানি মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুৎসাপূর্ণ নানা খবর প্রকাশ করে আসছে। পত্রিকা প্রকাশের আগে এই গোষ্ঠী মতিউর রহমান ও লতিফুর রহমানের ফাঁসি চেয়ে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছিল।শুধু তা-ই নয়, এর আগে বসুন্ধরা সিটিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় মাসেরও বেশি সময় পর বসুন্ধরা গ্রুপ প্রথম আলো ও সমকাল-এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ দিয়ে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছিল।কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন-এর গতকালের প্রতিবেদনও প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক অপতৎপরতারই অংশ। বসুন্ধরা গ্রুপ তাদের মালিকানাধীন সংবাদপত্রকে ব্যবহার করে আরেকটি সাজানো গল্প প্রকাশ করল মাত্র। প্রতিহিংসা চরিতার্থ করতে সংবাদপত্রের স্বাধীনতার এমন অপব্যবহার বিষ্ময়কর।