বসুন্ধরার পরিচালককে এক মাসের কারাদণ্ড
অপহরণের অভিযোগে মিথ্যা মামলা করায় আদালত বসুন্ধরা গ্রুপের পরিচালক শামসুদ্দিন আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন । গত ৬ এপ্রিল আদালত কেন তাঁকে এই অভিযোগে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলেছিলেন। আজ বুধবার সকালে শামসুদ্দিন আহমেদ আদালতে লিখিত জবাব দাখিল করেন। কিন্তু আদেশের সময় তিনি উপস্থিত না থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন। বসুন্ধরা গ্রুপের পরিচালক শামসুদ্দিন আহমেদ বাদী হয়ে দায়ের করা ওই মিথ্যা মামলায় আসামি করা হয় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামসহ চারজনকে। পরে ২০০৭ সালের ১৫ জুলাই যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, তাঁর ছেলে শামীম ইসলামসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয় । গত ৬ এপ্রিল শুনানির সময় আদালত মন্তব্য করেন, মামলাটি মিথ্যা ও বিরক্তিকর। তুচ্ছ কারণে এই মামলা করা হয়েছে। আদালত অভিযোগ পত্র ভুক্ত আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে মিথ্যা মামলার দায়ে বাদীকে কারণ দর্শানোর নোটিশ করেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুন বাদী শামসুদ্দিন আহমেদ তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতের বাইরে আপস-মীমাংসা করে মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, ‘আমি বসুন্ধরা গ্রুপের পরিচালক। যমুনা গ্রুপের চেয়ারম্যান ও অন্যান্য আসামিদের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতা হেতু আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আদালতের বাইরে আত্মীয়স্বজনের সহযোগিতায় মামলাটি আপস-মীমাংসা করা হয়েছে। উপরোক্ত অবস্থায় আমি মামলাটি প্রত্যাহারের অনুমতি প্রার্থনা করছি।’বসুন্ধরার নিরাপত্তাকর্মী জাহিদ হোসেনকে প্রগতি সরণি এলাকা থেকে অপহরণের অভিযোগে ২০০৬ সালের ১৮ আগস্টে বাড্ডা থানায় মামলাটি করা হয়েছিল।