মিথ্যা মামলা করায় বসুন্ধরা গ্রুপের পরিচালক শামসুদ্দিন আহমেদকে কেন এক হাজার টাকা জরিমানা করা হবে না, এ বিষয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন আদালত। একই সঙ্গে কেন জরিমানা অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত।আদালত যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামসহ চারজনকে মামলার দায়ভার থেকে অব্যাহতি দিয়েছেন।ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান আজ বুধবার এ আদেশ দেন।অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলেন মো. শামীম ইসলাম, মো. ওয়াদুদ ও মোয়াজ্জেম হোসেন।মামলার বিবরণে জানা যায়, শামসুদ্দিন আহমেদ ২০০৬ সালের ১৮ আগস্ট বসুন্ধরা আবাসিক প্রকল্পের নিরাপত্তাপ্রহরী জাহিদ হোসেনকে অপহরণের অভিযোগে বাড্ডা থানায় একটি মামলা করেন। বাড্ডা থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন ২০০৭ সালের ১৫ জুলাই এ মামলায় নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।