বসুন্ধরার প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘বসুন্ধরার বিরুদ্ধে কেরানীগঞ্জে জমির মালিকদের সভা’ শিরোনামে প্রথম আলোয় গত শনিবার প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড। গতকাল রোববার পাঠানো এক প্রতিবাদলিপিতে দাবি করা হয়, খবরটি কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত তথ্য গোপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস মাত্র। প্রকৃত তথ্য হচ্ছে, বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চুনকুটিয়া মৌজায় ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৫০ বিঘারও বেশি জমি কেনা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় এসব জমির নামজারি করে বসুন্ধরা ভোগদখল করছে। ক্রয় করা জমির মালিকানা বা মূল্য অপরিশোধিত আছে এমন দাবি কেউ কখনো করেনি। প্রতিবেদকের বক্তব্য: গত শুক্রবার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া মৌজার জমির মালিক কল্যাণ সমিতি আয়োজিত সভায় দেওয়া ক্ষতিগ্রস্তদের বক্তব্যই কেবল প্রথম আলো প্রকাশ করেছে। ওই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আ. রাজ্জাক। এতে তিন শতাধিক জমির মালিক অংশ নেন। সভায় সমিতির সাধারণ সম্পাদকসহ অন্যরা যে বক্তব্য দিয়েছেন তা-ই প্রতিবেদনে স্থান পেয়েছে। প্রকাশিত খবরে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য ছিল না।