বসুন্ধরার বিরুদ্ধে কেরানীগঞ্জে জমি মালিকদের সভা
অবৈধভাবে অন্যের জমি দখলের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া মৌজায় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে সভা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার চুনকুটিয়া মৌজার জমিমালিক কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে। বেলা ১১টার দিকে উপজেলার খেজুরবাগ সড়কের পাশে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আ. রাজ্জাক। এতে তিন শতাধিক জমির মালিক অংশ নেন। সভায় জমির মালিকেরা তাঁদের বৈধ জায়গা বুঝিয়ে দেওয়ার দাবি জানান। সমিতির কোষাধ্যক্ষ প্রকৌশলী শ্যামল চন্দ্র সাহা বলেন, আগামী মঙ্গলবার মালিকেরা তাঁদের জমির কাগজপত্র নিয়ে বসুন্ধরা গ্রুপের সঙ্গে বৈঠকে বসবেন। তাঁদের বৈধ জায়গা বুঝিয়ে দেওয়া না হলে বসুন্ধরার বিরুদ্ধে আবারও আন্দোলন করা হবে। সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন বলেন, আজ (শুক্রবার) পর্যন্ত বসুন্ধরার বিরুদ্ধে ৫৯টি সভা করেছি। সমিতির ৪৪৩ জন সদস্যের জমির কাগজপত্র পরীক্ষা ও যাচাই-বাছাই করেছি। তাতে বসুন্ধরার মালিকানা পাওয়া যায়নি। অথচ বসুন্ধরা গ্রুপ এখনো তাদের কিছু জমি রয়েছে বলে দাবি করছে। লোকমান হোসেন বলেন, চুনকুটিয়া মৌজায় ৬০০ বিঘা জমির মধ্যে বসুন্ধরা গ্রুপের রয়েছে প্রায় ৬০ বিঘা। অথচ বসুন্ধরা আরও ৭০ বিঘা জমি জোরপূর্বক দাবি করছে। সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, সমিতির কার্যালয় নির্মাণকাজ শুরু করলে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন তাঁর লোকজন দিয়ে একাধিকবার বাধা দেন। এখনো হুমকি দেওয়া হচ্ছে। জমির মালিক মো. সালাম মিয়া জানান, বসুন্ধরা এখনো তাঁদের জমি দখল নিতে চাচ্ছে। আরেক মালিক সুভাষ রায় জানান, বসুন্ধরা জাল দলিলের মাধ্যমে এখনো অনেকের জমি অবৈধভাবে দখল করতে চাচ্ছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে জানান, চুনকুটিয়ায় জমি অবৈধভাবে ভরাটের ঘটনায় শুভাঢ্যার সাবেক ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।