বসুন্ধরার বিরুদ্ধে সরকারের মামলা, কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জমি জবরদখল ও মাটি চুরির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ ছয়জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় দুটি মামলা করেছে সরকার। মামলায় দুই হাজার ৯৪০ শতক জমি দখল, সাত লাখ ঘনফুট মাটি চুরি ও সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ও ঠাকুরপাড়া মৌজায় ‘মৌচাক সিটি’ আবাসন প্রকল্পের নামে এ জমি দখল হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার রাতেই মৌচাক সিটি প্রকল্পের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মাসুম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।১৩ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে সরকারের পক্ষে মামলা দুটি (নম্বর-১৮ ও ১৯) দায়ের করেন কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান খান। দণ্ডবিধির ৪৪৭, ৩৭৯, ৪২৭, ১৮৯ ও ১০৯ ধারায় দায়ের করা দুটি মামলারই প্রধান আসামি বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম। অন্য আসামিরা সবাই মৌচাক সিটি প্রকল্পের কর্মকর্তা। তাঁরা হলেন: প্রকল্পের মহাব্যবস্থাপক (জিএম) আবিদ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক নূরে আলম সিদ্দিকী, জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মাসুম হোসেন, প্রধান প্রকৌশলী সালেক হোসেন ও ভূমি কর্মকর্তা ফারুক হোসেন। গ্রেপ্তারকৃত মাসুম হোসেনকে গতকাল শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট উপজেলা ভূমি কর্মকর্তারা জানান, মৌচাক-ফুলবাড়িয়া সড়কের পাশে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ও ঠাকুরপাড়া মৌজায় বর্তমানে তিন শতাধিক বিঘা জমির ওপর ‘মৌচাক সিটি’ নামে একটি আবাসন প্রকল্প গড়ে তুলছে বসুন্ধরা গ্রুপ। তবে তাদের এ প্রকল্প এক হাজার ২০০ বিঘা পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের জন্য বসুন্ধরা গ্রুপ নিজেদের কেনা জমির পাশাপাশি সরকারি জমি দখল করে উঁচু জমি ও টিলা কেটে সমান করছে। সেই মাটি দিয়েই আবার প্রকল্প এলাকার নিচু জমি ভরাট করা হচ্ছে।জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কালিয়াকৈরে সরকারি জমিতে মাটি ভরাট করা হচ্ছে—এমন সংবাদ আসার পর বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভায় বিষয়টি তদন্ত করার জন্য গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। তদন্তের পর বিভাগীয় কমিশনার ভূমি মন্ত্রণালয়কে নিশ্চিত করে যে, সেখানে সরকারি জমিতে মাটি ভরাট করা হচ্ছে। সংশ্লিষ্ট ভূমি অফিস সব খোঁজখবর নিয়ে আরও জানতে পারে, বসুন্ধরা গ্রুপ সেখানকার সরকারি মাটি কেটে চুরি করে নিয়ে গেছে এবং সরকারি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধ প্রবেশ করেছে। এসব অভিযোগের ভিত্তিতেই গত বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা করা হয়।’এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি জমি দখলকারী যত প্রভাবশালী হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও যারাই সরকারি জমি দখল করবে, তাদের বিরুদ্ধে একইভাবে আইনগত ব্যবস্থা নেবে সরকার।’কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের একটি দল মামলা করার আগের তিন দিন সরকারি জমিগুলোর সীমানা নির্ধারণের কাজ করেন। তাঁরা লাল পতাকা গেড়ে জমিগুলো চিহ্নিত করে রাখেন। বৃহস্পতিবার রাতে মামলা করার পর শুক্রবার সকালে গিয়েও দেখা গেছে, প্রকল্পের পূর্ব দিকে লাল পতাকাঘেরা সরকারি জমিতে খননযন্ত্র (এক্সক্যাভেটর বা ভেকু) দিয়ে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে।১৮ নম্বর মামলার এজাহারে বাদী মোখলেছুর রহমান উল্লেখ করেন, মধ্যপাড়া মৌজার ৪৩৫ খতিয়ানের ২৩৪২ দাগের দুই হাজার ৫৫০ শতাংশ জমির পুরোটাই বসুন্ধরা গ্রুপের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একই মৌজার বিভিন্ন দাগের ৩৮৪ শতাংশ জমি দখল করে নিয়েছে বসুন্ধরা গ্রুপ। ১৯ নম্বর মামলায় বাদী উল্লেখ করেন, ঠাকুরপাড়া মৌজায় ছয় শতাংশ জমি দখল করে বসুন্ধরা গ্রুপ।এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল সকাল থেকে ওই দখল হওয়া জমি থেকে মাটি কাটা শুরু করে বসুন্ধরা গ্রুপ। ২৮ এপ্রিল সকালে বাদী ওই জমিতে গিয়ে দেখতে পান, মৌচাক প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিতিতে ৪০-৫০ জন শ্রমিক ভেকু দিয়ে ৫০-৬০টি ট্রাকে মাটি চুরি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এরপর তিনি আসামিদের মাটি কাটতে নিষেধ করলে তাঁরা জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে তাঁরা মাটি কাটছেন।বাদী উল্লেখ করেন, ‘বাধা দিলে তাঁরা আমার চাকরির ক্ষতি করার হুমকি দেন এবং বলেন, বসুন্ধরার চেয়ারম্যানের ক্ষমতা সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? আরও বলেন, আমরা কারও কথা শুনে কাজ করি না।’এজাহারে উল্লেখ করা হয়, তারা মধ্যপাড়া মৌজার প্রায় পাঁচ লাখ ঘনফুট ও ঠাকুরপাড়া মৌজার দুই লাখ ঘনফুট মাটি চুরি করে নিয়ে গেছে। টিলা শ্রেণীর মাটি চুরি করায় সরকারি সম্পত্তির ক্ষতিসহ পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর মুরাদ প্রথম আলোকে বলেন, এ উপজেলায় আরও যারা সরকারি সম্পত্তি দখল করে আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সব জমি উদ্ধার করা হবে।সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম প্রথম আলোকে বলেন, বসুন্ধরার প্রকল্প এলাকায় জমি মেপে সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। বসুন্ধরার প্রকল্পের ভেতরে সরকারি জমির অস্তিত্ব পাওয়ার পরই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা আমির হোসেন প্রথম আলোকে জানান, একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।