বসুন্ধরার ভূমি উন্নয়নকাজও বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারকি সমুদ্রসৈকতের কাছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ভূমি উন্নয়নকাজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে সৈকত এলাকা থেকে বালু তোলা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়।অধিদপ্তর সূত্র জানায়, গত বুধবার দেওয়া পরিবেশ অধিদপ্তরের নোটিশ পেয়ে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক এনামুল গোফরান চৌধুরীসহ দুজন কর্মকর্তা গতকাল সকালে অধিদপ্তরের শুনানিতে উপস্থিত হন। প্রায় এক ঘণ্টা শুনানি গ্রহণ করেন মুনীর চৌধুরী। শুনানিকালে গোফরান চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপের বালু তোলার কারণে বন বিভাগের গাছপালার ক্ষতি হলে যাবতীয় ক্ষতিপূরণ দিতে তাঁরা রাজি আছেন। ওই এলাকায় ভূমি উন্নয়নের প্রয়োজনে ২০০৬ সালে চট্টগ্রাম বন্দর থেকে অনুমোদন নিয়ে পারকি সমুদ্রসৈকত এলাকায় বালু তোলার বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি বলেন, ‘বালু তোলার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র নেওয়া হয়নি, এটি সত্যি।’শুনানিতে গোফরান চৌধুরী দাবি করেন, তাঁদের বালু তোলার কারণে পারকি সৈকত ক্ষতিগ্রস্ত হয়নি। এ পর্যন্ত তাঁদের শিল্প এলাকা সুরক্ষার জন্য ১৮ হাজার ফুট দীর্ঘ, ৭০ ফুট প্রশস্ত ও ২৫ ফুট উচ্চতার একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে এবং ৭০ হাজার ঘনফুট বালু কর্ণফুলী নদীর মোহনা থেকে তোলা হয়। তাঁদের প্রকল্পে মাটি ভরাটের কারণে পারকি উপকূলে বন বিভাগের গাছপালা বা বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে মাঠ জরিপ প্রতিবেদন বা গাছরোপণের রেকর্ডের ভিত্তিতে তাঁরা অবশ্যই ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন।জানা গেছে, পারকি এলাকায় সরেজমিনে তদন্ত শেষে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের দ্বিতীয় দফা পরিবেশ অধিদপ্তরের শুনানিতে ডাকা হবে। পারকি সমুদ্রসৈকতের কাছে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার যাবতীয় দলিল (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদন, জেলা প্রশাসক ও বন বিভাগের অনাপত্তিপত্র ইত্যাদি) পরবর্তী তারিখের শুনানিতে উপস্থাপনের জন্য বসুন্ধরা গ্রুপের ওই দুজন কর্মকর্তাকে বলা হয় বলে জানা গেছে।যোগাযোগ করা হলে মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, বসুন্ধরার দুজন কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশ নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তবে তাঁরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পারকি সৈকত এলাকা থেকে বালু তোলার বিষয়টি স্বীকার করেন। পরিবেশ ও প্রতিবেশ রক্ষার জন্য ওই এলাকা থেকে বালু তোলা বন্ধ এবং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ভূমি উন্নয়নকাজ বন্ধ রাখতে তাঁদের বলা হয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। গত মঙ্গলবার প্রথম আলোতে ‘ঝুঁকিতে পারকি সৈকত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর পারকি সৈকত এলাকা থেকে বসুন্ধরা গ্রুপের অনুমোদনবিহীন বালু তোলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বুধবার ওই এলাকা থেকে বসুন্ধরা গ্রুপের মাটি খননযন্ত্র (ড্রেজার) সরিয়ে নেওয়া হয়।