বসুন্ধরার মালিককে গোয়েন্দা পুলিশের দপ্তরে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে গোয়েন্দা পুলিশের দপ্তরে যেতে হবে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বুধবার এই নির্দেশনা দিয়ে শাহ আলমের করা রিট নিষ্পত্তি করে দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করার আরজিও নাকচ করা হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের সময় সঙ্গে আইনজীবী নেওয়ার আরজিও মঞ্জুর করেননি আদালত।শাহ আলমকে খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে ৩ এপ্রিল নোটিশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়। নোটিশে ১১ এপ্রিল বেলা ১১টায় শাহ আলমকে গোয়েন্দা পুলিশের দপ্তরে হাজির হতে বলা হয়। জিজ্ঞাসাবাদ এড়াতে নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ৬ এপ্রিল হাইকোর্টে রিট করেন শাহ আলম। এতে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিসি (ডিবি), ওসি বংশাল ও ৫ নম্বর টিমের পুলিশ পরিদর্শককে বিবাদী করা হয়। রিটের ওপর গতকাল দেড় ঘণ্টা শুনানি শেষে হাইকোর্ট আদেশ দেন।সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও খন্দকার দিলিরুজ্জামান উপস্থিত ছিলেন। শাহ আলমের পক্ষে ছিলেন সাংসদ শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, নোটিশের কার্যকারিতা স্থগিত করেননি আদালত। আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। ফলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা দপ্তরে যেতে হবে। তবে জিজ্ঞাসাবাদের সময় যাতে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন না হয় এবং জবরদস্তিমূলক বক্তব্য আদায় না করা হয়, সে জন্য নির্দেশনা দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের দিন আইনগত প্রক্রিয়া ছাড়া তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেওয়া হয়েছে।শাহ আলমের আইনজীবী মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, অ্যাটর্নি জেনারেল আদালতের নির্দেশনা অনুসরণ করার আশ্বাস দেওয়ায় আদালত আবেদনটি নিষ্পত্তি করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা দপ্তরে যেতে হবে। ওই সময় তাঁর ওপর শারীরিক-মানসিক নির্যাতন এবং অপমানজনক কোনো প্রশ্ন করা যাবে না। এমন কোনো প্রশ্ন করা যাবে না, যার উত্তর এ মামলার সাক্ষী হিসেবে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা যায়। জিজ্ঞাসাবাদের দিন তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেওয়া হয়েছে।শুনানি: বেলা আড়াইটার দিকে শুনানিতে শেখ ফজলে নূর তাপস বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় আবেদনকারীকে (শাহ আলম) হাজির হতে বলা হয়েছে। পুলিশের পরিদর্শক রুহুল আমীনের দেওয়া নোটিশ তুলে ধরে তিনি বলেন, নোটিশে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নাজিমউদ্দিন, নিহত ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন ও তাঁর ভাইদের মালিকানাধীন পাক-বাংলা হাউজহোল্ড (ম্যানু.) লি. নয়াটোলা, হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকার প্রতিষ্ঠানটিতে আপনাকে (শাহ আলম) অংশীদার করার প্রস্তাব দিলে আপনি আসামি নাজিমউদ্দিনের প্ররোচনায় সম্পূর্ণ প্রতিষ্ঠানটি ক্রয় করার প্রস্তাব দেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে উপরিউক্ত প্রতিষ্ঠানটি ক্রয়-বিক্রয়ের বিষয়টি মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তার সত্যতা যাচাইয়ের জন্য এবং এই মামলায় বর্ণিত খুনের ঘটনায় খুনিদের অর্থায়নকারী গ্রেপ্তারকৃত নাজিমউদ্দিন চেয়ারম্যান জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে, যেগুলো যাচাইয়ের জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।তাপস বলেন, সাক্ষী হিসেবে নয়, তাঁকে আসামি হিসেবে দেখা হচ্ছে। নোটিশের বক্তব্য অভিযুক্ত ব্যক্তির সাক্ষ্য গ্রহণের বিষয়টি নির্দেশ করে। তা ছাড়া নোটিশ প্রদানকারী মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) নন। নোটিশ দেওয়ার ক্ষেত্রে ১৬০ ধারা যথাযথভাবে মানা হয়নি। নাজিমউদ্দিন চেয়ারম্যান জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যেগুলো যাচাইয়ের নামে তারা হয়রানি করতে চাইছে।আদালত বলেন, সন্দেহ করলে পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারে। কিন্তু এফআইআরে আবেদনকারীর নাম নেই।সোয়া তিনটায় শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, খুনের মামলার তদন্তে তথ্য যাচাইয়ের জন্য পুলিশ তাঁকে (শাহ আলম) ডেকেছে। এটি খুব পরিষ্কার বিষয়। উদাহরণ টেনে তিনি বলেন, বিডিআরের ঘটনায় ব্যারিস্টার আবদুর রাজ্জাককেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। ওই ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর করা রিট ইতিপূর্বে হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। তদন্তের জন্য পুলিশ যে কাউকে ডাকতে পারে। এ পর্যায়ে আদালত বলেন, কারণ কী? ডাকার কারণ নিয়েই সমস্যা। জবাবে মাহবুবে আলম বলেন, তদন্তের স্বার্থে। এটি তদন্তের পর্যায়ে রয়েছে। নাজিমউদ্দিন চেয়ারম্যানের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের জন্য ডাকা হয়েছে।আদালত বলেন, তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার কথা সোজা ও সরাসরি বললেই হতো। অ্যাটর্নি জেনারেলের জবাব, এখানে দুটি বিষয় আছে—কী তথ্য রয়েছে এবং কীভাবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। আদালত বলেন, নোটিশে আবেদনকারীকে সম্ভাব্য অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে। বাণিজ্যিক সম্পর্ক থাকার কথা নোটিশে বলা হয়েছে। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, ১৬০ ধারা অনুযায়ী যথাযথভাবেই নোটিশ দেওয়া হয়েছে।শুনানির শেষাংশ: বেলা তিনটা ৪০ মিনিটে শুনানির শেষাংশে ফজলে নূর তাপস নির্যাতনের আশঙ্কা প্রকাশ করে আবেদনকারীর (শাহ আলম) বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করার আরজি জানান। অ্যাটর্নি জেনারেল এর বিরোধিতা করে বলেন, বাসায় কখনো জিজ্ঞাসাবাদ হয় না। আদালত বলেন, কোন আইনে নির্যাতনের কথা আছে। কিন্তু পুলিশ তো নির্যাতন করে। মাহবুবে আলম বলেন, তাঁকে গোয়েন্দা দপ্তরে যেতে হবে। কারণ জিজ্ঞাসাবাদ বাসায় হলে পুলিশ ওখানে যাওয়ার সাহস পাবে না। তাপস বলেন, ‘পুলিশ ঠ্যাং ভাঙবে। পুলিশের চেয়ে ক্ষমতাধর কেউ নেই। ১/১১-র পর দেখেছি।’ আদালত বলেন, ওটি ভিন্ন প্রেক্ষাপট। এ পর্যায়ে আদালত আবেদনকারীকে (শাহ আলম) গোয়েন্দা দপ্তরে যেতে বলেন। আদালত বলেন, কোনো ধরনের হয়রানি ও নির্যাতন করা হবে না।মাহবুবে আলম আবারও বলেন, আবেদনকারীকে গোয়েন্দা দপ্তরে হাজির হতে হবে। পুলিশের সামনে যেতে হবে। ফজলে নূর তাপস বলেন, বাসায় গেলেও তো পুলিশের সামনে যাওয়া হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ শাহ আলমের মতো ব্যক্তিকে পেটাতে পারবে না। দণ্ডিত হয়েও তিনি ঘুরে বেড়াচ্ছেন। এ পর্যায়ে তাপস সঙ্গে আইনজীবী রাখার আরজি জানান। আদালত বলেন, আইনজীবী থাকতে পারেন, কিন্তু কথা বলতে পারবেন না। বাইরে থাকবেন। ইংল্যান্ডের উদাহরণ টেনে আদালত বলেন, পুলিশের সঙ্গে সলিসিটর যান, কিন্তু কোনো কথা বলেন না। ওখানে বসে থাকেন। তাপস রুল জারি এবং হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশনা দেওয়ার আরজি জানান। মাহবুবে আলম বলেন, রুল জারি করা হলে পুলিশ ভয় পাবে। তাঁর কাছ থেকে জোর করে কিছু আদায় করা হবে না। আদেশের পর নির্যাতন হলে আদালতে আসার পরামর্শ দেন আদালত। আদেশের লঙ্ঘন হলে চুলচেরা বিশ্লেষণ করা হবে। প্রয়োজনে আইজিপিকে ডাকা হবে।তাপস বলেন, পুলিশের যে পরিদর্শক নোটিশ দিয়েছেন, তা বেআইনি। তাই স্থগিত করা প্রয়োজন। আদালত বলেন, স্থগিতাদেশ দেওয়া যায় না, রুল জারি করা হলে জিজ্ঞাসাবাদের পর তা অকার্যকর হয়ে যাবে।