বসুন্ধরার মালিকের দুটি রিটই খারিজ মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেই ১৮ বাড়ি দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের করা দুটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। ফলে শাহ আলমের বিরুদ্ধে মামলা দুটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।যোগাযোগ করা হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এম এ আজিজ খান প্রথম আলোকে জানান, রাজউকের পরিত্যক্ত ১৮টি বাড়ি নিয়ে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শাহ আলম হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করেন ও মামলার কার্যক্রম স্থগিত করেন। গতকাল আদালত দুটি রিটই খারিজ করে দেন। আদালত রুল খারিজের সঙ্গে সঙ্গে স্থগিতাদেশও প্রত্যাহার করেন। আজিজ খান বলেন, পলাতক ব্যক্তি রিট করতে পারেন না, অনুমোদন যথাযথ হয়েছে এবং মামলা দায়েরে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি—এসব বিবেচনায় আদালত রিট দুটি খারিজ করে দিয়েছেন। জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ ১৮টি সরকারি বাড়ি বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে মতিঝিল থানায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে শাহ আলমের বিরুদ্ধে দুটি বাড়ি কম দামে কেনার অভিযোগ আনা হয়।৫ এপ্রিল হাইকোর্ট একটি রিট খারিজ করে দেন। পরে শাহ আলমের আইনজীবী তা পুনর্বিবেচনার (রিকল) জন্য আরজি জানান। দুই দিন ধরে রিটটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল। কার্যতালিকায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ছিল।