১৮টি সরকারি বাড়ি নামমাত্র মূল্যে কেনাবেচাসংক্রান্ত দুর্নীতির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে শাহ আলমের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চলবে বলে দুদকের আইনজীবী জানিয়েছেন। জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শাহ আলমসহ ২২ জনের বিরুদ্ধে দুদক মতিঝিল থানায় এ মামলাটি করে। অভিযোগপত্র দেওয়া হয় একই বছরের ২০ সেপ্টেম্বর।দুদকের আইনজীবী বলেন, ওই আসামিদের সঙ্গে যোগসাজশে কম মূল্যে সরকারি বাড়ি কেনাবেচায় শাহ আলমের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন শাহ আলম। আদালত মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন।গতকাল ওই বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকায় শুনানির জন্য ‘আহমেদ আকবর সোবহান বনাম দুদক গং’ শিরোনামে ৩২ নম্বর ক্রমিকে রিটটি অন্তর্ভুক্ত ছিল। কার্যতালিকায় বাদীপক্ষে আইনজীবী হিসেবে শেখ ফজলে নূর তাপস এবং দুদকের পক্ষে এম এ আজিজ খানের নাম উল্লেখ ছিল। যোগাযোগ করা হলে দুদকের আইনজীবী এম এ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘আদালত রুল ডিসচার্জ করেছেন। অর্থাৎ রিটটি খারিজ। ফলে দুদকের দায়ের করা মামলাটি চলবে।’ তিনি বলেন, পলাতক ব্যক্তি রিট করতে পারেন না, দুদকের অনুমোদন যথাযথ হয়েছে এবং মামলা দায়েরে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি—এসব বিবেচনায় আদালত রিটটি খারিজ করে দিয়েছেন।