রাজধানীর গুলশানে ভূমি ব্যবসায়ী গোলাম রব্বানী খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বসুন্ধরার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছাড়াও তাঁর অন্য বিরোধগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দুই বন্ধুকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।গত সোমবার ভোরে রাজধানীর গুলশান এলাকায় গোলাম রব্বানীকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী শবনম কবীর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বসুন্ধরার আবাসন কর্মকর্তাদের সঙ্গে জমি নিয়ে রব্বানীর বিবাদ হয়েছিল বলে উল্লেখ করা হয়। গত সোমবারই কুমিল্লায় গ্রামের বাড়িতে নিহতের লাশ দাফন করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ফিরোজ কবীর জানান, দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত এগোচ্ছে। এর একটি হলো অন্য কারও সঙ্গে তাঁর ব্যবসায়িক বিরোধ আছে কি না। দ্বিতীয়টি হলো বসুন্ধরার বিরুদ্ধে তাঁর স্ত্রীর অভিযোগ। তদন্তকারী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে তিনি বসুন্ধরায় যাবেন। নিহত রব্বানীর দুই বন্ধুকেও তিনি সন্দেহ করেন বলে জানান। নিহতের ভায়রা এস এম আরিফ জানান, বসুন্ধরার কর্মকর্তারা একবার রব্বানীর জমিটি কিনতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা বাজারমূল্যের চেয়ে অনেক কম দাম বলায় রব্বানী তা বিক্রি করেনি। আরিফ জানান, রব্বানীর মানিব্যাগ তাঁর পকেটে পাওয়া গেছে। তবে তাঁর মোবাইল ফোন, হাতের দুটো দামি আংটি ও চশমা পাওয়া যায়নি। গত সোমবার সকালেই কাঁটাবন এলাকায় রব্বানীর কিছু জিনিস কুড়িয়ে পান এক চিকিৎসক। এর মধ্যে রয়েছে রব্বানীর জাতীয় পরিচয়পত্র, তাঁর ব্যবহূত একটি সিমকার্ড, এটিএম কার্ড আর একটি জমির দলিলের ফটোকপি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোমবার ভোর চারটার দিকে রব্বানী গুলশানের ১২৩ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির ক্লাব ২৯ থেকে দুই ব্যক্তির সঙ্গে বের হন। ওই বাড়ির দুই নিরাপত্তাকর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।